শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পল্লবীতে প্রকাশ্যে গুলিবর্ষণ, বিএনপি নেতাসহ আহত ২

স্টাফ রিপোর্টার
আগস্ট ৭, ২০২৬ ১১:১৫ অপরাহ্ণ
Link Copied!

প্রতীকী ছবি। চায়ের দোকানের সামনে এলোপাতাড়ি হামলা, আশঙ্কাজনক আলমগীর; হামলাকারীদের খুঁজছে পুলিশ।

রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে মো. আলমগীর নামে বিএনপির এক নেতা গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর–১১ নম্বর সেকশনের দুই নম্বর সড়কের বি-ব্লকে এ হামলার ঘটনা ঘটে। এ সময় জোছনা বেগম নামে এক নারীও গুলিবিদ্ধ হয়ে আহত হন।

স্বজনরা আহত আলমগীরকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তাঁর শরীরে দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন।

আলমগীরের দূর সম্পর্কের চাচা মো. আশিক জানান, আলমগীর ঢাকার নবাবগঞ্জ থানা বিএনপির সদস্য এবং পেশায় একজন মাছ ব্যবসায়ী। তিনি পরিবার নিয়ে পল্লবী থানার মিরপুর–১১ নম্বর সেকশনে বসবাস করেন।

তিনি বলেন, শুক্রবার বিকেলে বাসা থেকে বের হয়ে দুই নম্বর সড়কের বি-ব্লকের একটি চায়ের দোকানের সামনে গেলে একটি প্রাইভেটকারে করে আসা চার ব্যক্তি তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে আলমগীরের মাথার ডান পাশে, পেটের ডান পাশে এবং ডান নিতম্বে গুলি লাগে। হামলার পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

স্বজনরা প্রথমে তাঁকে স্থানীয় ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান। পরে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, হামলার সঙ্গে স্থানীয় যুবলীগের কয়েকজন নেতাকর্মী জড়িত থাকতে পারেন। সন্দেহভাজনদের মধ্যে রুবেল ও বাপ্পা নামে দুজনের নাম পাওয়া গেছে। তাঁদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।

তবে হামলার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে জানতে পল্লবী থানার ওসি হাসান বাসিরের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।