মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বকেয়া মাত্র ১ হাজার টাকার ভাড়া, বাড়ির মালিকের ছেলের ঘুষিতে প্রাণ গেল ভাড়াটিয়ার, রাজধানীর লালবাগে মর্মান্তিক ঘটনা, আটক ২

নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৩, ২০২৬ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

প্রতীকী ছবি

জধানীর লালবাগ থানাধীন আজিমপুরে বকেয়া মাত্র ১ হাজার টাকা বাসা ভাড়া নিয়ে তর্ক-বিতর্কের জেরে বাড়ির মালিকের ছেলের ঘুষিতে মো. স্বপন (৬০) নামে এক ভাড়াটিয়ার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ইসাদুল ইসলাম রিজভী (২৭) ও তার চাচাতো ভাই সাদিফ ইসলাম রোহানকে (২২) আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটের দিকে আজিমপুরের ৮৭, লালবাগ রোডের ভাটা মসজিদ সংলগ্ন মেডিকেল স্টাফ কোয়ার্টারে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতের বড় ভাই রাজা মোহাম্মদ সেলিম জানান, তারা দীর্ঘদিন ধরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের নিচতলার একটি কক্ষে মাসিক ৬ হাজার টাকা ভাড়ায় সাবলেট থাকতেন। চলতি মাসের ভাড়ার মধ্যে মাত্র ১ হাজার টাকা বকেয়া ছিল। রোববার রাতে বাড়ির মালিকের ছেলে ইসাদুল ইসলাম রিজভী ওই টাকা চাইলে তারা দু-এক দিনের মধ্যে পরিশোধ করবেন বলে জানান। এতে ক্ষিপ্ত হয়ে রিজভী তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন।

তার ভাষ্য অনুযায়ী, সোমবার ভোর ৪টার দিকে রিজভী তার চাচাতো ভাই রোহানকে নিয়ে তাদের কক্ষের সামনে এসে আবারও ভাড়ার টাকা নিয়ে কথা কাটাকাটি শুরু করেন। একপর্যায়ে তিনি বাধা দিতে গেলে তাকে লাথি মেরে ফেলে দেওয়া হয়। এরপর স্বপনকে কিল-ঘুষি মারতে মারতে জোরপূর্বক টেনেহিঁচড়ে মেডিকেল স্টাফ কোয়ার্টারের সামনের একটি মাঠে নিয়ে যাওয়া হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার জানায়, তাদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার তাহের ফকির কান্দি গ্রামে। তারা মৃত আব্দুল মান্নানের ছেলে। স্বপন পেশায় একজন কসমেটিকস ব্যবসায়ী ছিলেন এবং শান্ত স্বভাবের মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।

পুলিশ ও গোয়েন্দা সূত্র জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের বিষয়ে অবগত হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ভাড়ার টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রিজভী দুই ভাইকে ধাক্কা দিলে স্বপন পিছনে চিৎ হয়ে পড়ে মাথার পেছনে গুরুতর আঘাত পান এবং রক্তাক্ত হন। পরে রিজভী ও রোহানই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের ভাই সেলিমের অভিযোগের ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পে ইসাদুল ইসলাম রিজভী ও সাদিফ ইসলাম রোহানকে আটক রাখা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে জানান, হাসপাতালে আনার পর স্বপনকে মৃত ঘোষণা করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এ বিষয়ে লালবাগ থানার ওসি ইয়াসিন আলী বলেন, বাসা ভাড়ার টাকা নিয়ে বিরোধের জেরেই এ ঘটনা ঘটে। কথা কাটাকাটির সময় ধাক্কাধাক্কির একপর্যায়ে স্বপন মাটিতে পড়ে মাথার পেছনে গুরুতর আঘাত পান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।