শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মতিঝিলে প্রায় ২০০ কোটি টাকার সরকারি জমি দখলমুক্ত

মোঃ আলমগীর হোসেন
জুন ২৫, ২০২৬ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

উচ্ছেদ অভিযানে দখল মুক্ত। মধুমিতা সিনেমা হলের পেছনে গড়ে উঠছে ‘মতিঝিল পার্ক’। ফাইল ছবি

রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিলে দীর্ঘদিনের দখলদারিত্বের অবসান ঘটিয়ে প্রায় এক একর সরকারি জমি পুনরুদ্ধার করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে পরিচালিত এক উচ্ছেদ অভিযানে মধুমিতা সিনেমা হলের পেছনে অবস্থিত এই মূল্যবান জমিটি দখলমুক্ত করা হয়।

রাজউক সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত জমিটির বর্তমান বাজারমূল্য প্রায় ২০০ কোটি টাকা। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে এস এ পরিবহন জমিটি ব্যবহার করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান থাকলেও পরবর্তীতে আদালত রাজউকের অনুকূলে রায় প্রদান করেন। সেই রায়ের ভিত্তিতেই এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযান শেষে বিস্তারিত অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) প্রকল্পের পরিচালক আশরাফুল ইসলাম জানান, দখলমুক্ত জমিতে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ‘মতিঝিল পার্ক’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে খুব শিগগিরই পার্ক নির্মাণকাজ শুরু হবে।

তিনি বলেন, মতিঝিলের মতো অত্যন্ত ব্যস্ত বাণিজ্যিক এলাকায় একটি উন্মুক্ত সবুজ পার্ক নগরবাসীর জন্য স্বস্তির নিঃশ্বাস হয়ে উঠবে। এটি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনসাধারণের বিনোদনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাজউক জানিয়েছে, রাজধানীর সরকারি জমি অবৈধ দখলমুক্ত করতে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং জনস্বার্থে এসব জমি যথাযথভাবে ব্যবহার নিশ্চিত করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
নগর-মহানগর সর্বশেষ