অপরাধ নির্মূলে সরকার ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে, তরুণদের নৈতিক শিক্ষায় জোর দিতে হবে’— প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। ফাইল ছবি
মাদক, সন্ত্রাস, ধর্ষণ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয়ে রাজধানীর মুগদায় বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মুগদা থানা ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিব।
বিক্ষোভ মিছিলে মুগদা থানা এলাকার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, আলেম-ওলামা, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাদক, সন্ত্রাস, ধর্ষণ ও কিশোর গ্যাংসহ সব ধরনের সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানায়।
এ সময় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, মাদক, সন্ত্রাস, ধর্ষণ ও কিশোর গ্যাং সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। এসব অপরাধ নির্মূলে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সুস্থ, নিরাপদ ও নৈতিক সমাজ গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধের পথ থেকে দূরে রাখতে সচেতনতা বৃদ্ধি, নৈতিক শিক্ষা এবং সামাজিক মূল্যবোধের চর্চা জোরদার করতে হবে। এ লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
মুগদা থানা ওলামা পরিষদের নেতৃবৃন্দ বলেন, সমাজে শান্তি, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তারা মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, ধর্ষক ও কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
শান্তিপূর্ণভাবে শেষ হওয়া এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা সমাজ থেকে অপরাধ নির্মূলে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ওলামা পরিষদের নেতারা আরও বলেন, মাদক-সন্ত্রাসমুক্ত, নিরাপদ ও নৈতিক সমাজ গড়ার প্রত্যয়ে মুগদায় ওলামা পরিষদের বিক্ষোভ মিছিল অব্যাহত থাকবে। অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জনতা শপথ গ্রহণ করেছে। সমাজের আর কোন বিচ্ছিন্ন সহিংসতা দেখতে চায়না দেশবাসী।
