প্রতীকী ছবি
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা নয়ারনগর এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন তিন সাংবাদিক। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে যাত্রাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়, গত ১ জুলাই ২০২৬ সন্ধ্যা প্রায় ৭টার দিকে একটি কারখানায় ভাঙচুর ও লুটপাটের ঘটনার সংবাদ সংগ্রহে যান দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার স্টাফ রিপোর্টার প্রিয়া চৌধুরী, তার সহকর্মী মো. সাগর এবং রাজধানী টেলিভিশনের প্রতিনিধি মো. সাজিব।
অভিযোগ অনুযায়ী, রাত আনুমানিক ৮টার দিকে ঘটনাস্থল থেকে ফেরার পথে কাজলা ফাতেমা মসজিদ সংলগ্ন এলাকায় অভিযুক্ত মো. ইমন হোসেনের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি দল সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় লাঠিসোঁটা ও লোহার রড ব্যবহার করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ ঘটনায় প্রিয়া চৌধুরীসহ তিন সাংবাদিকই আহত হন। অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা প্রিয়া চৌধুরীর গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের স্বর্ণের চেইন, একটি রিয়েলমি মোবাইল ফোন, সাংবাদিক মো. সাজিবের ব্যবহৃত ক্যামেরা এবং মো. সাগরের আইফোন ১৪ প্রো ম্যাক্স ভাঙচুর ও ক্ষতিগ্রস্ত করে।
ভুক্তভোগীদের দাবি, হামলার সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে চিকিৎসা গ্রহণ শেষে তারা যাত্রাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
সমালোচনার বিষয় হলো, সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। পেশাগত দায়িত্ব পালনের সময় এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।
তারা হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য যে, এ প্রতিবেদনে উল্লিখিত ঘটনাগুলো অভিযোগকারীদের লিখিত অভিযোগের ভিত্তিতে সঠিকভাবে উপস্থাপন করা হয়েছে।
এসব অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজু আহমেদ জানান, ভুক্তভোগী গণমাধ্যম কর্মীদের অভিযোগ নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে। তদন্ত শেষে অভিযুক্তদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
