শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসে নিখোঁজ সুখরঞ্জন বালী: ‘গুম’ অভিযোগে সাবেক এএসপি গ্রেপ্তার

সমতল মাতৃভূমি ডেস্ক
জুলাই ৪, ২০২৬ ১:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

প্রতীকী ছবি

আলোচিত সুখরঞ্জন বালী ‘গুম’ মামলায় নতুন মোড়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসে নিখোঁজ হওয়া সুখরঞ্জন বালীকে ‘গুম’ করার অভিযোগে সাবেক এক সহকারী পুলিশ সুপারকে (এএসপি) গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া সাবেক পুলিশ কর্মকর্তার নাম ফজলুর রহমান।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে রাজধানীর নিজ বাসা থেকে ফজলুর রহমানকে গ্রেপ্তার করে ডিবি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পিরোজপুরের বাসিন্দা সুখরঞ্জন বালী ২০১২ সালের ৫ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন। সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছিল, পরে সীমান্ত এলাকায় তাকে পাওয়া গেছে। তবে সুখরঞ্জনের পরিবার এবং কয়েকটি মানবাধিকার সংগঠন শুরু থেকেই অভিযোগ করে আসছিল, ট্রাইব্যুনাল এলাকা থেকেই তাকে তুলে নেওয়া হয়েছিল।

বহু বছর পর আলোচিত এ ঘটনায় নতুন করে আইনি প্রক্রিয়া শুরু হয়। ২০২৫ সালের ২১ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের কাছে লিখিত অভিযোগ দেন সুখরঞ্জন বালী। অভিযোগে তিনি দাবি করেন, যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি না হওয়া এবং পরে তার পক্ষে সাক্ষ্য দেওয়ার কারণে তিনি গুম ও নির্যাতনের শিকার হন।

সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তের অগ্রগতির অংশ হিসেবে সাবেক এএসপি ফজলুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বহুল আলোচিত এ ঘটনায় গ্রেপ্তারের মধ্য দিয়ে তদন্তে নতুন গতি এসেছে বলে সংশ্লিষ্টদের ধারণা। এখন মামলার তদন্তে আরও নতুন তথ্য ও সংশ্লিষ্টদের ভূমিকা সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।