বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিআরটিএ মেট্রো-০৪ এ দালালবিরোধী চিরুনি অভিযান: প্রতারণার অভিযোগে ৩ দালালের এক মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
জুন ২৩, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ছবি : সংগৃহীত

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর ঢাকা মেট্রো সার্কেল-০৪, পূর্বাচলে গ্রাহক হয়রানি ও প্রতারণার অভিযোগে তিন দালালকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ জুন ২০২৬) বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার এবং বিআরটিএর কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে ঢাকা মেট্রো সার্কেল-০৪, পূর্বাচলে একটি চিরুনি অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ৩০০ ফিট সড়কের নীলা মার্কেট সংলগ্ন এলাকা থেকে গ্রাহক হয়রানি ও প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজন দালালকে আটক করা হয়। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন:

মো. মামুনুর রশীদ (৩৮), পিতা: মৃত দুলাল মিয়া — ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড।

মো. উমর ফারুক (২৬), পিতা: উসমান গনি শিকদার — ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড।

মো. রিফাত (২৩), পিতা: শুক্কুর আলী — ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড।

দণ্ডপ্রাপ্তদের পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার গণমাধ্যমকে জানান, বিআরটিএ কার্যালয় ও এর আশপাশে সক্রিয় দালালচক্রের কার্যক্রম বন্ধ করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি সেবাপ্রার্থীদের দালালদের প্রলোভনে বিভ্রান্ত না হয়ে সরাসরি বিআরটিএর নির্ধারিত প্রক্রিয়ায় সেবা গ্রহণের আহ্বান জানান।

বিআরটিএ সূত্রে জানা গেছে, সেবাগ্রহীতাদের হয়রানি রোধ, সেবায় স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং দালালমুক্ত পরিবেশ গড়ে তুলতে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে বিআরটিএর সেবাপ্রদান ব্যবস্থায় শৃঙ্খলা ও জনআস্থা আরও বৃদ্ধি পাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।