বুধবার, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু মোকাবিলায় বড় উদ্যোগ, সরকারি হাসপাতালে বছরের শেষ পর্যন্ত বিনামূল্যে এনএস১ পরীক্ষা

স্টাফ রিপোর্টার
জুলাই ৭, ২০২৬ ১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

জ্বরের শুরুতেই এনএস১ পরীক্ষা করা গেলে ডেঙ্গু শনাক্তে তা কার্যকর ভূমিকা রাখে। ছবি : সংগৃহীত

দেশজুড়ে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় রোগ দ্রুত শনাক্ত ও চিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে দেশের সব সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের এনএস১ (NS1) পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হবে। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সুবিধা চালু থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার পর ইতোমধ্যে এ সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক মইনুল আহসান সমকালকে বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (৫ জুলাই) থেকে সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে এনএস১ পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে শনিবার স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মতির ভিত্তিতে সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের এনএস১ পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে করার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করে দেশের সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে পরীক্ষার সুবিধা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ডেঙ্গুর উপসর্গ নিয়ে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা এখন কোনো ধরনের ফি ছাড়াই এনএস১ পরীক্ষা করাতে পারবেন। এতে রোগ দ্রুত শনাক্ত করা সহজ হবে এবং সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা সম্ভব হবে।

বর্তমানে দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় রোগ নির্ণয়কে আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে সরকার এ উদ্যোগ নিয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, জ্বরের শুরুর দিকেই এনএস১ পরীক্ষা করা হলে ডেঙ্গু দ্রুত শনাক্ত করা সম্ভব হয়, যা রোগীর দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জনস্বাস্থ্য বার্তা- জ্বর, শরীরব্যথা, মাথাব্যথা বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দেরি না করে নিকটস্থ সরকারি হাসপাতালে গিয়ে বিনামূল্যে এনএস১ পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। দ্রুত শনাক্তকরণই ডেঙ্গু মোকাবিলায় সবচেয়ে কার্যকর পদক্ষেপ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।