বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আর্জেন্টিনার খেলা দেখে আর ঘরে ফেরা হলো না—উত্তরায় বাসচাপায় প্রাণ গেল দুই সাংবাদিকের

স্টাফ রিপোর্টার
জুলাই ১৬, ২০২৬ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

সাংবাদিক রবিউল আলম রাজু ও সাকিবুল হাসান

আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের সেমিফাইনাল ফুটবল ম্যাচ দেখে স্বপ্নভরা রাতের শেষে ঘরে ফেরার কথা ছিল। কিন্তু সেই ফেরা আর হলো না। রাজধানীর উত্তরায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই সাংবাদিক। একটি বাসের চাপায় তাদের অকাল মৃত্যু সহকর্মী, পরিবার ও সংবাদমাধ্যম অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাতে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের জসিমউদ্দীন বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত পত্রিকার সাংবাদিক সাকিবুল হাসান। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর।

জানা গেছে, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের বহুল প্রতীক্ষিত সেমিফাইনাল ম্যাচ উপভোগ শেষে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন দুই সাংবাদিক। উত্তরার জসিমউদ্দীন মোড় থেকে রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুজনকেই মৃত ঘোষণা করেন।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মুনসুর জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িত বাসটি শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

এই হৃদয়বিদারক দুর্ঘটনায় সংবাদকর্মী মহলে নেমে এসেছে গভীর শোক। একটি ফুটবল ম্যাচের উচ্ছ্বাস মুহূর্তেই পরিণত হয়েছে দুই পরিবার ও সহকর্মীদের জন্য আজীবনের বেদনায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।