শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গুলশানে পরিবেশ রক্ষায় রাজউক–গুলশান সোসাইটির যৌথ উদ্যোগ

স্টাফ রিপোর্টার
জুলাই ২৪, ২০২৬ ১০:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক পরিকল্পনা, লেক রক্ষায় STP স্থাপনে জোর। ফাইল ছবি

রাজধানীর অভিজাত আবাসিক এলাকা গুলশানের পরিবেশ সুরক্ষা, আধুনিক পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা এবং জলাশয় দূষণ রোধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে এক গুরুত্বপূর্ণ টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই ২০২৬) সন্ধ্যা ৭টায় গুলশান সোসাইটি লেক পার্কে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। এ সময় রাজউকের সদস্যবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি গুলশান সোসাইটির নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।

সভায় সেপটিক ট্যাংক, সোক ওয়েল এবং স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (STP) স্থাপনের প্রয়োজনীয়তা, কার্যকারিতা এবং পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনায় এসব অবকাঠামোর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে রাজউক চেয়ারম্যান বলেন, গুলশান লেকসহ রাজধানীর জলাশয়গুলোকে দূষণমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে পরিকল্পিত পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। তিনি প্রতিটি ভবনে যথাযথভাবে সেপটিক ট্যাংক, সোক ওয়েল এবং STP স্থাপনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, রাজউকের আইন ও বিদ্যমান বিধি-বিধান অনুযায়ী এসব অবকাঠামো স্থাপন বাধ্যতামূলক। এ ক্ষেত্রে ভবন মালিক, বাসিন্দা এবং সংশ্লিষ্ট সকলের সচেতনতা ও আন্তরিক সহযোগিতা অপরিহার্য।

চেয়ারম্যান জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী গুলশান লেকসহ রাজধানীর অন্যান্য জলাশয় সংরক্ষণ এবং দূষণমুক্ত রাখতে রাজউক ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

সভায় আরও জানানো হয়, ভবিষ্যতে সেপটিক ট্যাংক, সোক ওয়েল ও STP স্থাপনকারী বিভিন্ন প্রতিষ্ঠানকে নিয়ে গুলশান সোসাইটির জন্য বিশেষ প্রেজেন্টেশনের আয়োজন করা হবে। সেখানে প্রযুক্তির কার্যপদ্ধতি, স্থাপন ব্যয়, প্রয়োজনীয় জায়গা এবং রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিষয় বিস্তারিতভাবে উপস্থাপন করা হবে, যাতে বাসিন্দারা আধুনিক ও কার্যকর পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব ধারণা লাভ করতে পারেন।

সভা শেষে অংশগ্রহণকারীরা সমন্বিত উদ্যোগের মাধ্যমে গুলশান এলাকার পরিবেশ সংরক্ষণ, জলাশয় রক্ষা এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে একমত পোষণ করেন।

— তথ্যসূত্র: রাজউক জনসংযোগ ও প্রটোকল শাখা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।