বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গেন্ডারিয়ায় উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, ৪৬ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

স্টাফ রিপোর্টার
আগস্ট ১২, ২০২৬ ১২:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর গেন্ডারিয়ায় লোহারপুল মোড়ের এসটিএস থেকে গেন্ডারিয়া থানা পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

সোমবার সকাল ১১টায় অভিযান পরিচালনার কথা থাকলেও সিটি করপোরেশনের মোবাইল কোর্ট ঘটনাস্থলে পৌঁছায় দুপুর ১২টার দিকে। এ সময় দুটি দোকান উচ্ছেদের পর ক্ষুদ্র ব্যবসায়ীদের তীব্র প্রতিবাদের মুখে অভিযান স্থগিত করে ফিরে যায় সিটি করপোরেশনের মোবাইল কোর্ট।

ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ, সৌন্দর্যবর্ধনের নামে ফুলের গাছের চারা রোপণের উদ্যোগের আড়ালে তাদের রুটি-রুজিতে আঘাত করা হচ্ছে। তাদের দাবি, চাঁদা না দেওয়ায় তাদের উচ্ছেদের চাপ সৃষ্টি করা হচ্ছে। এ অভিযোগের তীর ৪৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ ফারুকের দিকে।

ক্ষুদ্র ব্যবসায়ীদের কয়েকজন ভিডিও বক্তব্যে তাদের অভিযোগ তুলে ধরেছেন। তারা জানান, ফুটপাতের পাশে সবজি বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করেন। তাদের মধ্যে অনেকেই স্বামী পরিত্যক্তা ও বিধবা নারী। উচ্ছেদ করা হলে তাদের পরিবার নিয়ে বিপাকে পড়তে হবে বলেও দাবি করেন তারা।

পরে ক্ষুদ্র ব্যবসায়ীরা ৪৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ ফারুকের বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করেন। মিছিলটি গেন্ডারিয়া থানার সামনে গিয়ে অবস্থান নেয়।

এদিকে অভিযোগের বিষয়ে দৈনিক সকালের সময়ের সাংবাদিক মো. ফারুক হোসেন এর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, যা হচ্ছে ভালো হচ্ছে। কেউ যদি বলে আমি চাঁদা দাবি করেছি, তাহলে সাংবাদিককে তাই লেখার জন্য বলেন। তিনি আরও বলেন, তিনি এলাকায় উন্নয়নমূলক কাজ করছেন এবং নদীর পাড় ও মামার মাজারের দিকসহ বিভিন্ন এলাকায় উন্নয়ন কার্যক্রম চালাচ্ছেন।

উচ্ছেদ অভিযান, ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ এবং ৪৬ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ ফারুকের বক্তব্য ঘিরে গেন্ডারিয়ায় স্থানীয় পর্যায়ে উত্তেজনা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।