বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হামজা-শমিতে প্রথমার্ধে দুই গোলে এগিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
নভেম্বর ১১, ২০২৬ ১১:২৩ অপরাহ্ণ
Link Copied!

ছবি: বাফুফে

শুরুতেই শমিতের গোলে এগিয়ে যাওয়া, এরপর অধিনায়ক হামজা চৌধুরীর দুর্দান্ত ফিনিশিং। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক প্রথমার্ধ কাটিয়েছে বাংলাদেশ। বিরতিতে যাওয়ার আগে দুই গোলের লিড নিয়ে স্বস্তিতে রয়েছে থমাস ডুলির দল।

ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। ডান দিক থেকে হামজার বাড়ানো ক্রসে শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা ঠিকমতো বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ফিরতি বল পেয়ে জালে পাঠান শমিত সোম। তাতে ১-০ গোলে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। গোলের পর ব্যবধান বাড়ানোর চেষ্টা অব্যাহত রাখে বাংলাদেশ। ১৫তম মিনিটে কর্নার থেকে পাওয়া বলে বক্সের বাইরে থেকে শট নেন হামজা। তবে তার নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এর আগে হোসেনের বিপজ্জনক ক্রসও সামলাতে বেশ বেগ পেতে হয় শ্রীলঙ্কার গোলরক্ষককে।

২৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ পেয়েছিলেন হামজা। ডান দিক থেকে ফারহানের হেডে বল পেয়ে পেছন ফিরে ব্যাকহিল শটে গোল করার চেষ্টা করেন বাংলাদেশের অধিনায়ক। তবে তার শট ক্রসবারের সামান্য ওপর দিয়ে চলে যায়।

এরপর ধীরে ধীরে বলের নিয়ন্ত্রণ বাড়ায় শ্রীলঙ্কা। ৩৫ মিনিটের দিকে ৫৩ শতাংশ বল নিজেদের দখলে রাখে সফরকারীরা। ৪০তম মিনিটে বাম প্রান্ত থেকে ডি সিলভার বাড়ানো বিপজ্জনক ক্রসে বাংলাদেশের রক্ষণে কিছুটা অস্বস্তিও তৈরি হয়। তবে গোলের দেখা পায়নি শ্রীলঙ্কা।

প্রথমার্ধের শেষ দিকে আবারও আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। ৪৩তম মিনিটে ইব্রাহিমের পাস বক্সের বাইরে পেয়ে বল নিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে যান হামজা। পথে শ্রীলঙ্কার এক ডিফেন্ডারকে পেছনে ফেলে শট নেন তিনি। বলটি গোলরক্ষক সুজন পেরেরার হাঁটুতে লেগে উড়ে গিয়ে জালে আশ্রয় নেয়। অধিনায়কের অসাধারণ ওই গোলে দুই গোলের লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ। এতে বাংলাদেশের হয়ে নেতৃত্বের অভিষেকেই গোল পেলেন হামজা। বাংলাদেশের হয়ে এটি তার পঞ্চম গোল। সবগুলোই এই জাতীয় স্টেডিয়ামে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।