বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘ওরা হাতে টাকা গুঁজে দিয়ে ভিডিও করে ফের সেই টাকা ফিরিয়ে নিচ্ছে’

বিনোদন ডেস্ক
নভেম্বর ১৭, ২০২৬ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

শারদ কাপুর

শারীরিক অসুস্থতা ও আর্থিক সংকটে থাকা বলিউড অভিনেতা শারদ কাপুরের পাশে দাঁড়ানোর কথা বলে কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও তৈরি করছেন। তবে সাহায্যের নামে এমন কর্মকাণ্ডের আড়ালে প্রতারণার অভিযোগ তুলেছেন অভিনেতা নিজেই।

শারদ কাপুরের দাবি, কয়েকজন হাতে টাকা তুলে দিয়ে ভিডিও ধারণ করছেন, আবার ক্যামেরা বন্ধ হওয়ার পর সেই টাকা ফিরিয়ে নিচ্ছেন। এমন ঘটনায় বিব্রত ও ক্ষুব্ধ শারদ জানিয়েছেন, ভবিষ্যতে বাইরের কারও সঙ্গে আর দেখা করবেন না তিনি।

সম্প্রতি শারীরিক অসুস্থতা ও আর্থিক অনটনের কথা জানিয়ে সাহায্যের আবেদন করেছিলেন নব্বইয়ের দশকের পরিচিত এই অভিনেতা। তার পাশে দাঁড়িয়েছেন চলচ্চিত্র অঙ্গনের অনেকেই। সমর্থন ও ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

মঙ্গলবার প্রকাশিত এক ভিডিও বার্তায় শারদ বলেন, ‘আমি ফিল্ম ইন্ডাস্ট্রি, আমার ভক্ত এবং যারা আমার জন্য সত্যিই ভাবেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, যা আপনারা ভাবতেও পারবেন না। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভুলভাল বিষয় দেখানো হচ্ছে। হাতে টাকা ধরিয়ে দিচ্ছে। বুঝতেই পারছি না কে কী করছে, কিছুই মাথায় ঢুকছে না।

অভিনেতার অভিযোগ, তার অনুমতি ছাড়াই কয়েকজন জোর করে হাতে টাকা দিয়ে সেই মুহূর্তের ভিডিও ধারণ করছেন। পরে ক্যামেরা বন্ধ হলে আবার সেই টাকা ফিরিয়ে নিচ্ছেন। এমন অভিজ্ঞতায় মানসিকভাবে অস্বস্তিতে পড়েছেন তিনি। তাই ভবিষ্যতে বাইরের কারও সঙ্গে দেখা না করার সিদ্ধান্ত নিয়েছেন।

এই কঠিন সময়ে শারদের পাশে রয়েছেন তাঁর বন্ধু ও ‘বেজুবান ট্রাস্ট’-এর সঙ্গে যুক্ত হেমা চৌধুরী। তিনিই প্রথম অভিনেতার অসহায় অবস্থার কথা প্রকাশ্যে আনেন। হেমা জানিয়েছেন, শারদের শারীরিক অবস্থা খুব খারাপ থাকায় প্রথমে বিষয়টি প্রকাশ্যে আনতে চাননি তিনি। তার উদ্দেশ্য ছিল অভিনেতার যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা, তাকে অপ্রয়োজনীয় ট্রোলের মুখে ফেলা নয়।

এদিকে শারদ কাপুরের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তহবিল সংগ্রহের অ্যাকাউন্ট খোলা হচ্ছে বলেও সতর্ক করেছে ট্রাস্ট। এসব অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারণার চেষ্টা চলছে বলে জানিয়েছে তারা। ভক্ত ও শুভানুধ্যায়ীদের এ ধরনের ভুয়া অ্যাকাউন্ট বা সাহায্যের আবেদনে সাড়া না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে অভিনেতার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং চিকিৎসার জন্য সহযোগিতার আহ্বান জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠজনেরা। সূত্র: টিভি নাইন ও এনডিটিভি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।