বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে সোহরাব হোসেনের স্মরণে দোয়া মাহফিল, ৪২ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিল শহীদুল ইসলাম ট্রাস্ট

অপূর্ব সরকার
নভেম্বর ২৫, ২০২৬ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষার প্রসারে পাশে দাঁড়ানোর অঙ্গীকার, স্মরণসভায় উঠে এলো প্রয়াত অ্যাডভোকেট সোহরাব হোসেনের কর্মময় জীবনের নানা দিক। ফাইল ছবি

পটুয়াখালীতে মরহুম অ্যাডভোকেট সোহরাব হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে শিক্ষার প্রসার ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে ২০২৭ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী ৪২ শিক্ষার্থীর মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করেছে প্রফেসর একেএম শহীদুল ইসলাম ট্রাস্ট।

বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় শহরের লতিফ মিউনিসিপ্যাল সেমিনারিতে ট্রাস্টের উদ্যোগে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পটুয়াখালীর নয়টি বিদ্যালয় ও একটি মাদ্রাসাসহ মোট ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪২ জন শিক্ষার্থীর হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লতিফ মিউনিসিপ্যাল সেমিনারির প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর একেএম শহীদুল ইসলাম ট্রাস্টের সভাপতি ও পটুয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর একেএম শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি মো. জাকির হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন ট্রাস্টের সহসভাপতি ও পটুয়াখালী প্রেসক্লাবের আজীবন সদস্য অতুল চন্দ্র দাস, বর্তমান সাধারণ সম্পাদক ফিরোজ জামান, প্রয়াত অ্যাডভোকেট সোহরাব হোসেনের জ্যেষ্ঠ ছেলে আতিকুল রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

স্মরণসভায় বক্তারা প্রয়াত অ্যাডভোকেট সোহরাব হোসেনের কর্মময় জীবন, সামাজিক অবদান এবং প্রফেসর একেএম শহীদুল ইসলাম ট্রাস্টের কার্যক্রমে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এ ধরনের মানবিক উদ্যোগ শিক্ষার প্রসার, মেধাবীদের বিকাশ এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর একেএম শহীদুল ইসলাম বলেন, ২০১৬ সালের নভেম্বর থেকে মৃত্যুর দিন পর্যন্ত সোহরাব এই ট্রাস্টের জন্য যে সেবা দিয়ে গেছেন, তা ভোলার নয়। আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করি।

তিনি এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য লতিফ স্কুলের সব শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত সবার উত্তরোত্তর মঙ্গল কামনা করেন এবং প্রত্যেককে জীবনের কোনো না কোনো পর্যায়ে ভালো ও মানবকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে মরহুম অ্যাডভোকেট সোহরাব হোসেনের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।