ফাইল ছবি
হাটের চিতলমারীতে জমি দখলের চেষ্টা, দোকানে হামলা-ভাঙচুর, প্রাণনাশের হুমকি এবং মোটরসাইকেল আটকে রাখার অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছেন ব্যবসায়ী মো. এনায়েত আলী খান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) লিখিত বক্তব্যে তিনি শফিকুল ইসলাম খান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে এসব অভিযোগ তুলে ধরেন।
ভুক্তভোগীর অভিযোগ, প্রায় তিন যুগ ধরে চিতলমারী বাজারে ব্যবসা পরিচালনা করছেন তিনি। বাজারে তাঁর মালিকানাধীন সম্পত্তিতে তিনটি টিনশেড দোকানঘর রয়েছে। এর মধ্যে দুটি ভাড়া দেওয়া এবং একটিতে নিজে ব্যবসা করেন। পেছনে রয়েছে তাঁর বসতবাড়ি।
লিখিত বক্তব্যে তিনি জানান, ২০২০ সালের ২ জানুয়ারি ১ লাখ ৭ হাজার টাকা দিয়ে ১১০ সিসির একটি মোটরসাইকেল কেনেন। কিন্তু ১৫ জানুয়ারি প্রতিপক্ষ তাঁর কাছ থেকে সেটি নিয়ে যায়। ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হলেও প্রায় ছয় বছরেও মোটরসাইকেলটি ফেরত পাননি বলে অভিযোগ করেন তিনি।
এ ছাড়া গত ২৭ জুন দুপুর ১২টার দিকে প্রতিপক্ষের সহযোগী হাসিব শেখ কয়েকজনকে সঙ্গে নিয়ে তাঁর মালিকানাধীন সম্পত্তির একটি অংশ দখলের চেষ্টা করেন বলে অভিযোগ করেন এনায়েত আলী খান।
তিনি আরও অভিযোগ করেন, গত ২৮ অক্টোবর রাত ১১টার দিকে তাঁর দোকানে হামলা চালিয়ে কুপিয়ে ভাঙচুর করা হয়। এ সময় তাঁকে ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। হামলাকারীদের হাতে রামদা, ছুরি ও দেশীয় অস্ত্র ছিল বলেও দাবি করেন তিনি।
এ ঘটনায় চিতলমারী থানায় একাধিকবার লিখিত অভিযোগ এবং গত ১ নভেম্বর একটি জিডি করেছেন বলে জানান ভুক্তভোগী। জমি-সংক্রান্ত বিরোধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর আওতায় সি.আর. ৩০৪/২৬ নম্বরের মামলা চলমান রয়েছে বলেও লিখিত বক্তব্যে উল্লেখ করেন।
সাংবাদিক সম্মেলনে এনায়েত আলী খান ঘটনার সুষ্ঠু তদন্ত, দখলচেষ্টা বন্ধ, মোটরসাইকেল উদ্ধার এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি অভিযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
