শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা সীমান্তে আ.লীগ নেতাদের আসার খবরে বিএনপির বিক্ষোভ

কুমিল্লা জেলা প্রতিনিধি
নভেম্বর ২৬, ২০২৬ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

বিবিরবাজার সীমান্তে মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীদের মহড়া, ডিসেম্বরজুড়ে নজরদারির ঘোষণা। ভারতের সীমান্ত এলাকায় আওয়ামী লীগ নেতাদের আসার খবরে কুমিল্লার বিবিরবাজার সীমান্তে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে বিএনপি। ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে প্রবেশের সম্ভাব্য পথ পর্যবেক্ষণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা ভারতের সীমান্ত এলাকায় অবস্থান করছেন—এমন খবর ছড়িয়ে পড়ার পর কুমিল্লার বিবিরবাজার সীমান্তে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় সীমান্ত এলাকায় মোটরসাইকেল নিয়ে মহড়া দেন বিএনপির নেতাকর্মীরা। একই সঙ্গে সীমান্তে নিরাপত্তা জোরদার করে সতর্ক অবস্থানে দেখা যায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এসআরবি ও পুলিশ সদস্যদের। বিবিরবাজার স্থলবন্দরের বিপরীতে ভারতের সীমান্তেও সতর্ক অবস্থানে ছিল সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে সীমান্তের ওপারে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী অবস্থান করছেন কি না, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বিক্ষোভস্থলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের সদস্যরা বাংলাদেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। ইতোমধ্যে আমরা খবর পেয়েছি, তাদের কেউ কেউ সীমান্তের ওপারে ঘোরাফেরা করছেন। এ কারণে আমরা প্রতিবাদ জানাতে এখানে এসেছি। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কেউ যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে জন্য কুমিল্লার সব সীমান্ত এলাকায় স্থানীয় বাসিন্দাদের নিয়ে সতর্ক অবস্থানে রয়েছি।’

তিনি আরও বলেন, ডিসেম্বর মাসজুড়েই তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে সীমান্তে নজরদারি রাখার আহ্বান জানান তিনি। কোনো অনুপ্রবেশকারী যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেন।

এদিকে কর্মসূচি চলাকালে বিএনপি নেতারা বিবিরবাজার স্থলবন্দরে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা বলেন। এ সময় বিজিবি ও এসআরবির সদস্যদের পাশাপাশি কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ারসহ পুলিশের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান সমকালকে বলেন, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল চলছে। তবে সীমান্তের ওপারে নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এসেছেন—এমন কোনো তথ্য পুলিশের কাছে নেই।

রাত সাড়ে সাতটার দিকে কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ সমকালকে বলেন, ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় বিজিবির অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে।

আগরতলায় আওয়ামী লীগের প্রতিনিধি দল, আখাউড়াতেও বিএনপির বিক্ষোভ

এর আগে বুধবার দুপুরে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পৌঁছায়। দলটির নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক। দুপুরে তারা আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে পৌঁছান। প্রতিনিধি দলে আরও সাত থেকে আটজন নেতা ছিলেন।

পরে বিকেলে প্রতিনিধি দলটি আগরতলা স্থলবন্দর পরিদর্শন করে। তাদের আগমনের খবর ছড়িয়ে পড়লে একই দিন বিকেল চারটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিএনপির নেতাকর্মীরা।

কুমিল্লার বিবিরবাজার সীমান্তে বৃহস্পতিবারের কর্মসূচির মধ্য দিয়ে সীমান্ত এলাকায় নজরদারি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে জেলা বিএনপি। তবে সীমান্তের ওপারে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের বিষয়টি এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।