বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ তার ওপরই ভরসা করে, যারা অতীতে পরীক্ষিত এবং বাস্তবে ভরসার যোগ্য। তিনি বলেন, ‘করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ’ এই স্লোগান বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
শনিবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের যমুনার পশ্চিম পাড়ে বিসিক শিল্প পার্ক নগরীর মাঠে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্রের আশঙ্কা–
তারেক রহমান বলেন, নির্বাচনকে ঘিরে বিভ্রান্তি সৃষ্টি ও ষড়যন্ত্রের অপচেষ্টা চলছে। যারা গত ১৬ বছরে জনগণের পাশে ছিল না, যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে—তারা আবারও তলেতলে ষড়যন্ত্রে যুক্ত হচ্ছে। এসব বিষয়ে জনগণকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
ভোটাধিকার হরণ ও আন্দোলনের ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, গত ১৫-১৬ বছর ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অনেক পরিবার তাদের প্রিয়জন হারিয়েছে। আপনারা আন্দোলন করেছেন, ত্যাগ স্বীকার করেছেন। এখন সময় ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার, —বলেন বিএনপি চেয়ারম্যান।
কৃষি, তাঁত শিল্প ও অর্থনীতিতে বিএনপির পরিকল্পনা—কৃষি খাত নিয়ে তারেক রহমান বলেন, বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। কৃষিনির্ভর শিল্প গড়ে তুলে কৃষকদের পাশে দাঁড়াতে চায় বিএনপি। কৃষকরা যেন ঘরে বসেই সার, বীজ ও কীটনাশক পেতে পারেন—সে লক্ষ্যে আলাদা কৃষি সহায়তা কার্ড চালুর পরিকল্পনার কথা জানান তিনি।
সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত শিল্প প্রসঙ্গে তিনি বলেন, প্রয়োজনীয় উপকরণ ও সহায়তা দিয়ে এই শিল্পকে আধুনিক শিল্পায়নের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে।
নারী ও তরুণদের ক্ষমতায়নে বিশেষ উদ্যোগ
নারী শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে শিক্ষা ও আর্থিক ক্ষমতায়ন নিশ্চিত করা হবে। এ জন্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের আর্থিক সহায়তার পরিকল্পনার কথাও জানান তিনি।
তরুণ ও যুব সমাজ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে তারা অবহেলিত। দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা হবে, যাতে তারা বিদেশে গিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি দেশের সুনাম বয়ে আনতে পারে।
ধানের শীষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, এই লক্ষ্য বাস্তবায়ন তখনই সম্ভব হবে, যদি আগামী ১২ তারিখে আপনারা ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করেন। শুধু বক্তব্য শুনলেই হবে না—ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে।
জনসভায় উপস্থিত নেতৃবৃন্দ : জনসভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি বেগম রোমানা মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
এ সময় আরও বক্তব্য দেন—
ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিম রেজা, ড. এম. এ. মুহিত, এম. আকবর আলী, আমিরুল ইসলাম খান আলীম, পাবনার শামসুর রহমান, এ কে এম সেলিম রেজা হাবিব, হাসান জাকির তুহিন ও শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
যেসব প্রার্থীর পক্ষে ভোট চান তারেক রহমান—
সভা শেষে সিরাজগঞ্জ ও পাবনার বিএনপির মনোনীত প্রার্থীদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। তারা হলেন— সিরাজগঞ্জ-১: সেলিম রেজা, সিরাজগঞ্জ-২: ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ-৩: মো. আয়নুল হক, সিরাজগঞ্জ-৪: এম. আকবর আলী, সিরাজগঞ্জ-৫: মো. আমিরুল ইসলাম খান আলীম, সিরাজগঞ্জ-৬: ড. এম. এ. মুহিত, পাবনা-১: মো. শামসুর রহমান, পাবনা-২: এ কে এম সেলিম রেজা হাবিব, পাবনা-৩: হাসান জাকির তুহিন, পাবনা-৪: হাবিবুর রহমান হাবিব, পাবনা-৫: শামসুর রহমান শিমুলসহ সকল নেতৃবৃন্দের পক্ষে।
