বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে বঙ্গভবনের কর্মকর্তা আটক

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ১১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে বঙ্গভবনের রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করা হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে রাজধানীর এজিবি কলোনির বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে। জব্দ করা হয়েছে তার মোবাইল ও ল্যাপটপ।

বুধবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গণমাধ্যম কে বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য আমরা ছরওয়াকে আটক করেছি। জিজ্ঞাসাবাদ শেষ হলে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। গ্রেপ্তার বা পরবর্তী কি সিদ্ধান্ত নেওয়া হবে, তা জানানো হবে।’

তবে পুলিশের আরেক কর্মকর্তা বলেন, এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী, দায়িত্ব পালনরত সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগপত্র (চার্জশিট) আদালত কর্তৃক গৃহীত হওয়ার আগে, গ্রেপ্তারের জন্য সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমতি নেওয়া প্রয়োজন। তবে দুর্নীতির মতো নির্দিষ্ট কিছু অপরাধ বা আদালতের আদেশ অনুযায়ী গ্রেপ্তারের ক্ষেত্রে বিশেষ নিয়ম প্রযোজ্য হতে পারে।
জামায়াতের আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় শনিবার রাতে হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডিতে অভিযুক্ত হিসেবে কারও নাম উল্লেখ করা হয়নি।

সরকারি কর্মচারীকে গ্রেপ্তারের আগে অনুমতির ব্যাপারে ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য ছরওয়ারকে আটক করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখানো হলে অনুমতি নেওয়া হবে। গ্রেপ্তার করা হলে জানতে পারবেন।’

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট নিয়ে পাল্টা–পাল্টি বক্তব্য আসছে। মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে গিয়েছিল জামায়াতের একটি প্রতিনিধি দল। বঙ্গভবনে গিয়ে জামায়াতের প্রতিনিধি দলটি রাষ্ট্রপতির সামরিক সচিবের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে অ্যাকাউন্ট হ্যাকের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা।

মঙ্গলবার বিকেলে বঙ্গভবন থেকে বের হয়ে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম দাবি করেন, জামায়াতের করা ডি‌জিটাল ফরেন‌সিকে দেখা গেছে, বঙ্গভবনের নামে এক‌টি ই-‌মেইল থেকে ফিশিং মেইল পাঠানো হয়েছিল। যার মাধ্যমে ডিভাইসের নিয়ন্ত্রণ নেওয়া হয় বা হ্যাক করা হয়। একটি সরকারি ই–মেইল ব্যবহার করে জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে।

এরপর রাতে ঢাকা মহানগর পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, জামায়াতের অভিযোগের ভিত্তিতে রাতে মতিঝিল এলাকা থেকে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারকে আটক করা হয়।

এদিকে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে ধরতে মঙ্গলবার গভীর রাতে এজিবি কলোনিতে অভিযান চালায় ডিবি। এরপর ছরওয়াকে আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয় আনা হয়।

শনিবার বিকেলে জামায়াতের আমিরের এক্স হ্যান্ডল থেকে ইংরেজিতে একটি পোস্ট দেওয়া হয়। পোস্টের একটি অংশে লেখা হয়, ‘আমরা বিশ্বাস করি, যখন নারীদের আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয়, তখন তাঁরা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হন। এটি অন্য কিছু নয়; বরং পতিতাবৃত্তির অন্য একটি রূপ।’

জামায়াতের আমিরের এক্স হ্যান্ডল থেকে দেওয়া পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। বিএনপির পক্ষ থেকে এ পোস্ট নিয়ে প্রতিবাদ জানানো হয়। ছাত্রদল বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করে। নারীদের একটি দল এর প্রতিবাদে ঝাড়ু মিছিল করে। বিএনপিপন্থি অ্যাকটিভিস্ট ও ইনফ্লুয়েন্সাররা দাবি করেন, জামায়াতের আমির কর্মজীবী নারীদের চরম অবমাননা করেছেন।

এমন পরিস্থিতিতে শনিবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে জামায়াতের অফিশিয়াল ফেসবুক পোস্টে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সাইবার হামলার মাধ্যমে জামায়াতের আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। শুধু জামায়াতের আমির নন, আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে।

আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে করেও জামায়াতের তরফে দাবি করা হয়, দলের প্রধানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল, যা কিছু সময় পরই উদ্ধার করা সম্ভব হয়।

ওই পোস্টের স্ক্রিনশট ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পরে শনিবার রাতেই হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম। দলের প্রধান শফিকুরের ভেরিফায়েড এক্স হ্যান্ডেল ‘হ্যাক করে’ ওই পোস্ট দেওয়া হয়েছে বলে সেখানে অভিযোগ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।