বড়গ্রামে বিশেষ অভিযানে আটক দুইজন; একজনের বিরুদ্ধে ৭, অপরজনের বিরুদ্ধে ২ মামলার তথ্য পুলিশের। ফাইল ছবি
রাজধানীর কামরাঙ্গীরচরের বড়গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি নিষিদ্ধ গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুন) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে পরিচালিত এ অভিযানে ঘটনাস্থল থেকে বশির আহমেদ দুলাল (৫০) ও নাসিমা বেগম (৪০)-কে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের হেফাজত থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য জব্দ করে দুইজনকে থানায় নিয়ে আসা হয়।
বিষয়টি নিশ্চিত করে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, আটক দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের মধ্যে একজনের বিরুদ্ধে সাতটি এবং অপরজনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশের দাবি, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদক কারবার ও মাদকসেবন রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
