সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ: সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে জিডি

স্টাফ রিপোর্টার
জুলাই ৫, ২০২৬ ১১:৩০ অপরাহ্ণ
Link Copied!

আনিস আলমগীর, সোমা ইসলাম

জুলাই আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ, অবমাননাকর মন্তব্য ও অপপ্রচারের অভিযোগে সাংবাদিক আনিস আলমগীর, উপস্থাপিকা সোমা ইসলাম, মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়াসহ ছয়জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শনিবার রাতে রাষ্ট্রসংলাপ ফোরামের সদস্য মিল্লাত হোসেন লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ সেটি জিডি হিসেবে নথিভুক্ত করে। অভিযুক্ত অন্য তিনজন হলেন—নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ও কলামিস্ট মোমিন মেহেদী, মডেল মারিয়া কিসপট্টা এবং মডেল-অভিনেত্রী তুষ্টি।

এর আগে, শুক্রবার একই ধরনের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মাহিয়া মাহী ও শান্তা ফারজানার বিরুদ্ধেও শাহবাগ থানায় জিডি করা হয়েছিল।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, জুলাই আন্দোলন নিয়ে কটাক্ষের অভিযোগে শনিবার ছয়জনের বিরুদ্ধে জিডি হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সূত্র জানায়, জিডিটি তদন্তের জন্য ইতোমধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হয়েছে। অভিযোগে উল্লেখিত সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, বক্তব্য ও সংশ্লিষ্ট লিংকগুলো সাইবার ইউনিট যাচাই-বাছাই করবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগপত্রে রাষ্ট্রসংলাপ ফোরামের সদস্য মিল্লাত হোসেন দাবি করেন, সোমা ইসলাম বিভিন্ন টকশোতে উপস্থাপনার সময় জুলাই আন্দোলনকে তুচ্ছতাচ্ছিল্য করেছেন এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেছেন। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্ম ও আন্তর্জাতিক মহলের কাছে আন্দোলনকে ছোট করে উপস্থাপনেরও অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, আনিস আলমগীর কারাগার থেকে মুক্তির পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে জুলাই আন্দোলনকে বাধাগ্রস্ত করতে বিভ্রান্তিকর বক্তব্য ছড়িয়েছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাইয়ে আহতদের নিয়ে অপপ্রচার চালিয়েছেন।

এছাড়া মোমিন মেহেদীর বিরুদ্ধে জাতীয় প্রেসক্লাব এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ এবং আবু সাঈদকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ করা হয়েছে।

জান্নাতুল ফেরদৌস পিয়ার বিরুদ্ধে অভিযোগ, তিনি সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের সহযোগী হিসেবে আন্দোলনকারী ও আহতদের কটাক্ষ করেছেন। মারিয়া কিসপট্টা জুলাই আন্দোলনকে ‘সন্ত্রাসী আন্দোলন’ হিসেবে প্রচার করেছেন এবং আন্দোলনে আহতদের নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

অন্যদিকে, মডেল ও অভিনেত্রী তুষ্টি সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাইকে ‘প্রতারণার মাস’ আখ্যা দিয়ে অপপ্রচার চালিয়েছেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।

বর্তমানে পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে। সংশ্লিষ্টদের সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম ও বক্তব্য যাচাই শেষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
নগর-মহানগর সর্বশেষ