কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে ব্যবসায়ীর ৩০০ মণ পাট পুড়ে ছাই হয়েছে। উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত ঘাটে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে প্রায় ৩০০ মণ পাট পুড়ে গেছে। এতে পাট ব্যবসায়ীদের প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ভাগজোত ঘাট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রামকৃষ্ণপুর এলাকার ডাবলু, নুরুল, শুকুর ও শরিফুল দীর্ঘদিন ধরে পাটের ব্যবসা করে আসছেন। তারা বিভিন্ন গ্রামের কৃষকদের কাছ থেকে পাট কিনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকেন।
সোমবারও তারা কৃষকদের কাছ থেকে কেনা পাট অন্যত্র সরবরাহের জন্য একটি ট্রাকে লোড করছিলেন। পাট ট্রাকে তোলার কাজ প্রায় শেষের দিকে ছিল। এ সময় পাশের একটি বৈদ্যুতিক খুঁটি থেকে শর্ট সার্কিটের সৃষ্টি হয়ে আগুনের একটি স্ফুলিঙ্গ ট্রাকে থাকা পাটের ওপর পড়ে। মুহূর্তের মধ্যে শুকনো পাটে আগুন ছড়িয়ে পড়ে।
আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে ট্রাকচালক ট্রাকটি নদীর ঘাটের ভেতরে নামিয়ে দেন। ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী ডাবলু, নুরুল, শুকুর ও শরিফুল জানান, তারা প্রতি মৌসুমে পাটের ব্যবসা করেন। দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানোর উদ্দেশ্যে সোমবার ট্রাকে পাট তোলা হচ্ছিল। এ সময় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ট্রাকে থাকা পাটের একটি বড় অংশ পুড়ে যায়। পুরো পাট রক্ষা করতে ট্রাকটি নদীর ঘাটের ভেতরে নামিয়ে দেওয়া হয়।
এতে তাদের প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। বর্তমানে অবশিষ্ট পাটসহ ট্রাকটি ঘাটের ভেতরে রয়েছে। রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মন্ডল বলেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। আগুন পাটে ছড়িয়ে পড়লে বিপুল পরিমাণ পাট পুড়ে যায়। এতে স্থানীয় পাট ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে পাটবোঝাই ট্রাকটি নদীর ঘাটের ভেতরে রয়েছে।
