মাদক-অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’, স্বচ্ছ আইনি সেবা ও জনসম্পৃক্ততায় জোর। ফাইল ফটো
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব নিয়েছেন সাজ্জাদ রোমান। দায়িত্ব গ্রহণের পরপরই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সাধারণ মানুষের জন্য থানার সেবাব্যবস্থা আরও সহজ ও হয়রানিমুক্ত করার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
দায়িত্ব গ্রহণের পর এ প্রতিনিধির সঙ্গে আলাপকালে নিজের কর্মপরিকল্পনা ও অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরেন নতুন ওসি। তিনি বলেন, আইনের প্রয়োগ হবে নিরপেক্ষভাবে; ব্যক্তি, পরিচয় কিংবা প্রভাব নয়—অপরাধের প্রমাণই হবে আইনি পদক্ষেপের মূল ভিত্তি।
থানায় সেবা হবে সহজ, তদন্তে থাকবে নিরপেক্ষতা
থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সেবাব্যবস্থা আরও সহজ ও স্বচ্ছ করার ওপর গুরুত্বারোপ করেছেন ওসি সাজ্জাদ রোমান।
তিনি জানান, জিডি, লিখিত অভিযোগ কিংবা সাধারণ আইনি সহায়তার জন্য থানায় আসা প্রত্যেক ব্যক্তির বক্তব্য গুরুত্ব দিয়ে শোনা হবে। কোনো অভিযোগের ভিত্তিতে কাউকে আগাম দোষী সাব্যস্ত না করে বস্তুনিষ্ঠ তদন্ত ও প্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
আইন প্রয়োগের ক্ষেত্রে সামাজিক পরিচয়, রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাবের পরিবর্তে নিরপেক্ষতা ও প্রমাণকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি।
মাদক ও কিশোর অপরাধে কঠোর অবস্থান
ঈশ্বরগঞ্জে মাদক নির্মূলকে অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে নতুন ওসি বলেন, মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক কারবারের সঙ্গে প্রভাবশালী কেউ জড়িত থাকলেও কোনো ধরনের আপস করা হবে না বলে জানান তিনি।
একই সঙ্গে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর অপরাধ ও ইভটিজিং প্রতিরোধে গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমস্থলে পুলিশের নিয়মিত টহল ও নজরদারি বাড়ানোর পরিকল্পনার কথা জানান তিনি।
বিট পুলিশিংয়ে বাড়বে জনসম্পৃক্ততা
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণকেও গুরুত্বপূর্ণ মনে করছেন ওসি সাজ্জাদ রোমান।
তিনি বলেন, বিট পুলিশিং কার্যক্রমকে আরও সক্রিয় করা হবে। জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, তরুণ সমাজ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এলাকাভিত্তিক অপরাধের তথ্য সংগ্রহ ও প্রতিরোধে কাজ করবে পুলিশ।
বিশেষ করে নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশি সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।
পুলিশের ভেতরেও থাকবে জবাবদিহি
শুধু অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নয়, পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের ক্ষেত্রেও জবাবদিহি নিশ্চিত করার কথা জানিয়েছেন নতুন ওসি।
তিনি বলেন, দায়িত্বে অবহেলা, অপেশাদার আচরণ কিংবা কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে কোনো পুলিশ সদস্য জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
‘অপরাধ প্রতিরোধে তথ্যের ভূমিকা অপরিসীম’
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঈশ্বরগঞ্জের সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে ওসি সাজ্জাদ রোমান বলেন, অপরাধ প্রতিরোধে তথ্যের ভূমিকা অপরিসীম। যেকোনো এলাকাভিত্তিক অপরাধ বা মাদকের তথ্য পুলিশকে জানান। গুজবে কান না দিয়ে বস্তুনিষ্ঠ ও সত্য তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার অনুরোধ করছি।
নতুন ওসির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ঈশ্বরগঞ্জে মাদক, কিশোর অপরাধ ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের তৎপরতা আরও বাড়বে—এমন প্রত্যাশা স্থানীয়দের।
