মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মতিঝিলে ৬ শতাধিক নোংরা পানির জার ধ্বংস, বিএসটিআইয়ের অভিযানে বেরিয়ে এলো অস্বাস্থ্যকর জারে পানি সরবরাহের চিত্র

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১৪, ২০২৬ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ধ্বংস করা অস্বাস্থ্যকর ও নোংরা পানির জার। ছবি : সগৃহীত

অস্বাস্থ্যকর ও নোংরা জারে পানি সরবরাহ এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মান সনদ ছাড়াই পানি বাজারজাতের অভিযোগে রাজধানীর আরামবাগে দুটি প্রতিষ্ঠানের ৬ শতাধিক পানির জার ধ্বংস করেছে বিএসটিআই। সোমবার বিশেষ সার্ভিল্যান্স অভিযানে এসব পানির জার ধ্বংস করা হয়।

অভিযানকালে দেখা যায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করেই নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযান চালিয়ে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।

বিএসটিআই মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক বলেন, দেশের বাজারে মানসম্মত পণ্য নিশ্চিত করা এবং ভোক্তা স্বার্থ সুরক্ষায় নিয়মিত বাজার তদারকি ও সার্ভিল্যান্স কার্যক্রম পরিচালনা করছে বিএসটিআই। ভেজাল ও নিম্নমানের পণ্যের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে প্রতিষ্ঠানটি বদ্ধপরিকর।

তিনি বলেন, পণ্যের মান সনদ প্রদানের পাশাপাশি নকল ও ভেজাল রুখতে সার্ভিল্যান্সের মাধ্যমে কঠোর নজরদারি চলছে। যেখানে মানহীন ও ভেজাল পণ্যের সন্ধান পাওয়া যাবে, সেখানেই অভিযান চলবে।

বিএসটিআই মহাপরিচালক আরও বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে এমন কোনো মানহীন বা অস্বাস্থ্যকর পণ্য বাজারজাতের সুযোগ দেওয়া হবে না। ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পণ্য কেনার আগে বিএসটিআইয়ের মানচিহ্ন, লাইসেন্স নম্বর, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, পণ্যের উপাদানসহ প্রয়োজনীয় তথ্য যাচাই করতে ক্রেতাসাধারণের প্রতি পরামর্শ দেন বিএসটিআই মহাপরিচালক।

জনস্বাস্থ্য সুরক্ষায় নোংরা ও মানহীন পানির বিরুদ্ধে বিএসটিআইয়ের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।