দালালবিরোধী অভিযানে আটক ৪, একজনকে ১০ হাজার টাকা জরিমানা। ফাইল ছবি
সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ ও দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে দালালি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়। পরে তাদের মধ্যে একজনকে ১০ হাজার টাকা জরিমানা এবং তিনজনকে ৩০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে আদালত-৩-এর অধীনে এ অভিযান পরিচালনা করা হয়। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—আশরাফুল ইসলাম বাবু, মো. মাসুম ও মো. সবুজ।
বিআরটিএ কার্যালয় সূত্রে জানা যায়, অভিযান চলাকালে দালালি কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অপর তিনজনকে ৩০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, প্রতারক চক্রটি বিআরটিএতে আসা গ্রাহকদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কাগজপত্র ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যেত—এমন অসংখ্য অভিযোগ রয়েছে।
তিনি বলেন, সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর করতে এবং বিআরটিএকে সম্পূর্ণ দালালমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। দালালবিরোধী এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিআরটিএ কার্যালয়ে সেবা নিতে আসা সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি, প্রতারণা বা অতিরিক্ত অর্থ আদায়ের শিকার না হন, সে লক্ষ্যেই দালালদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
