বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা ফের গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ১৫, ২০২৬ ১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

গ্রেপ্তারের পর স্থানীয়দের ভিড়ের সুযোগে হাতকড়াসহ পালিয়ে যান রেনু মিয়া, কয়েক ঘণ্টার অভিযানে ফের আটক। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মো. রেনু মিয়াকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মাধবদী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেনু মিয়াকে। তবে গ্রেপ্তারের পরপরই ঘটে নাটকীয় ঘটনা। স্থানীয় লোকজনের ভিড়ের সুযোগ নিয়ে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যান তিনি।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন জানান, সোমবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে রেনু মিয়াকে আবারও গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, রেনু মিয়াকে গ্রেপ্তারের খবর পেয়ে তাঁর বাড়ির আশপাশে স্থানীয় লোকজন জড়ো হন। একপর্যায়ে সেখানে লোকজনের ভিড় তৈরি হলে সেই সুযোগ কাজে লাগিয়ে হাতকড়া পরা অবস্থাতেই পালিয়ে যান তিনি। পরে তাঁকে ধরতে অভিযান শুরু করে পুলিশ।

রেনু মিয়া ওই এলাকার ইল্লাত মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে রেনু মিয়ার বিরুদ্ধে কুলিয়ারচর থানায় একটি মামলা হয়েছে। ওই মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

পরে সোমবার তাঁকে গ্রেপ্তার করা হলেও হাতকড়াসহ পালিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। কয়েক ঘণ্টার অভিযানের পর রাতেই ফের তাঁকে পুলিশের হেফাজতে নেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।