মোহাম্মদপুরে ফুটপাতে মাছের দোকান বসানো নিয়ে বিরোধের জেরে হত্যার অভিযোগ। মৃত ফরহাদ হোসেন।
ঢাকার কেরানীগঞ্জে সেলুনে ঢুকে ফরহাদ হোসেন (২৫) নামে এক যুবককে এলোপাতাড়ি গুলি করার পর কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শাক্তা ইউনিয়নের আরশিনগর এলাকার একটি সেলুনে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বিকেল ৪টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের অভিযোগ, রাজধানীর মোহাম্মদপুরে ফুটপাতে মাছের দোকান বসানো নিয়ে বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরহাদ হোসেন কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের আরশিনগরের মেম্বার গলিতে পরিবার নিয়ে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি ভোলায়। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের মহিরগোলা এলাকায় ফুটপাতে মাছ বিক্রি করতে যান তিনি। দুপুরে ব্যবসা শেষে কেরানীগঞ্জে ফিরে আসেন।
স্থানীয় বাসিন্দা জাকির হোসেন সিকদারের দাবি, ফুটপাতে মাছের ব্যবসা করার জন্য মোহাম্মদপুরের একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা ফরহাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছিল। এককালীন ওই টাকা দেওয়ার পাশাপাশি প্রতিদিন আলাদাভাবে চাঁদা দেওয়ার কথাও বলা হয়েছিল। ফরহাদ এতে রাজি না হওয়ায় তাদের সঙ্গে বিরোধ তৈরি হয়।
পরে গুরুতর আহত অবস্থায় ফরহাদকে উদ্ধার করে স্থানীয়রা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বিকেল ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, কেরানীগঞ্জ থেকে ফরহাদ হোসেন নামে এক মাছ ব্যবসায়ীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তার মৃত্যু হলে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল কুদ্দুস বলেন, ঘটনার সূত্রপাত রাজধানীর মোহাম্মদপুর এলাকায়। মাছের ব্যবসা নিয়ে ফরহাদ হোসেনকে গুলি করে ও কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
