রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত, এবার পদোন্নতি, বর্জ্য অপসারণে অবহেলার অভিযোগে অভিযুক্ত ছাদেকুর রহমান হলেন যুগ্মসচিব

নিজস্ব প্রতিবেদক
জুলাই ১০, ২০২৬ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

ফাইল ছবি

কোরবানির পশুর বর্জ্য অপসারণে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত হওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ছাদেকুর রহমান এবার যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছেন। অভিযোগের ঘটনায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলমান থাকলেও বৃহস্পতিবার প্রকাশিত পদোন্নতির তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে দেখা যায়, উপসচিব থেকে ১৭৯ জন কর্মকর্তাকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ওই তালিকার ৬৭ নম্বরে রয়েছেন ছাদেকুর রহমান।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কোরবানির পশুর বর্জ্য অপসারণে দায়িত্বে অবহেলার অভিযোগে ছাদেকুর রহমানের সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ না পাওয়ায় তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে তিনি এখনও জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঘটনার সূত্রপাত গত ২৮ মে ঈদুল আজহার পর। ঈদের পরদিন রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী। নিজেই গাড়িতে করে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে পরিষ্কার-পরিচ্ছন্নতার অবস্থা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের সময় হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির পশুর বর্জ্যের পাশাপাশি আগের জমে থাকা ময়লা রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর নির্দেশের পর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয় এবং দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে তাদের বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ছাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে ঢাকার দুই সিটি করপোরেশনকে আগেই প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে অভিযোগ ওঠার পর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলেও তদন্তে ছাদেকুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনি শেষ পর্যন্ত পদোন্নতির জন্য বিবেচিত হয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।