ফাইল ছবি
রাজধানীর সবুজবাগে মাদককে না বলি” স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি। যুব সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করে একটি নিরাপদ, সুস্থ ও সচেতন সমাজ গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করে বিকন সেন্টার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহ শহীদ, ৭৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. রুহুল আমিন এবং সবুজবাগ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন নয়, একটি পরিবার এবং পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং তরুণদের খেলাধুলা, শিক্ষা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সময়ের দাবি।
আলোচনা শেষে অংশগ্রহণকারীরা একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের করেন। র্যালিতে মাদককে না বলি, মাদকমুক্ত দেশ গড়ি, স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এতে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ কর্মসূচিকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মুগদা থানার তদন্ত কর্মকর্তা বলেন, শুধু পুলিশের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। জনগণ পাশে থাকলে আমরা অবশ্যই মাদকমুক্ত সবুজবাগ গড়ে তুলতে পারব। তাঁর এই বক্তব্যে উপস্থিত জনতা করতালির মাধ্যমে সমর্থন জানান এবং মাদকবিরোধী সব উদ্যোগে পুলিশের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি নিয়মিত আয়োজন করা হলে তরুণদের মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখা এবং একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা অনেক সহজ হবে।
সমাপনী বার্তা
মাদককে না বলি—সুস্থ প্রজন্ম গড়ি। সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত উদ্যোগই পারে একটি নিরাপদ, সুন্দর ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে।
