বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে স্বাগত জানিয়ে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর নয়াপল্টনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে মুগদা থানা ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। শুক্রবার দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় স্লোগান, উচ্ছ্বাস ও রাজনৈতিক উদ্দীপনার মিলনমেলায়।
ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকায় সজ্জিত নেতাকর্মীরা একযোগে উচ্চারণ করেন—মুন্না-নয়ন পরিষদ, সবার সেরা পরিষদ, তারেক রহমানের সিদ্ধান্ত, চূড়ান্ত চূড়ান্ত—সহ নানা উদ্দীপনামূলক স্লোগান। এসব স্লোগানে মুখর হয়ে ওঠে দলীয় কার্যালয় চত্বর ও আশপাশের এলাকা।
এ সময় নেতাকর্মীরা বলেন, নবঘোষিত কেন্দ্রীয় কমিটি যুবদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে এবং তৃণমূলের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন ঘটাবে। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে নবনির্বাচিত কমিটির সার্বিক সফলতা কামনা করেন।
মুগদা থানা যুবদলের নেতারা জানান, দলের কঠিন সময়ে রাজপথে সক্রিয়, ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বকে মূল্যায়নের মধ্য দিয়ে যে কমিটি গঠন করা হয়েছে, তা সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাবে। একই সঙ্গে তারা কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
দিনব্যাপী চলা এ কর্মসূচিতে মুগদা থানা যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তাদের প্রাণবন্ত উপস্থিতি, স্লোগান আর উচ্ছ্বাসে নয়াপল্টনের দলীয় কার্যালয় এলাকা যেন নতুন উদ্যমে প্রাণ ফিরে পায়।
