সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শাহবাগে একদিনে তিন ফুটপাত থেকে উদ্ধার তিন মরদেহ, পরিচয়হীন মৃত্যুরহস্য ঘিরে অনুসন্ধান শুরু

স্টাফ রিপোর্টার
জুলাই ১২, ২০২৬ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

আনন্দবাজার, ঢাকা মেডিকেল ও অমর একুশে হলের সামনে থেকে মরদেহ উদ্ধার; পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। প্রতীকী ছবি

রাজধানীর শাহবাগ থানা এলাকার তিনটি পৃথক ফুটপাত থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) আনন্দবাজার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনের সড়কের ফুটপাত থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পৃথক তিন স্থানে তিন ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা শাহবাগ থানায় খবর দেন। বেলা ১১টার দিকে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। তাঁদের মধ্যে একজনের বয়স আনুমানিক ৬০ বছর এবং অপরজনের বয়স প্রায় ৫৫ বছর।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশের ফুটপাত থেকে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত তিনজনই ভবঘুরে। এখন পর্যন্ত তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারণেই তাঁদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।