সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আবদুস সালামের সাহসী সাংবাদিকতা আজও পথ দেখায়

স্টাফ রিপোর্টার
আগস্ট ৩০, ২০২৬ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

ক্ষমতার রক্তচক্ষু উপেক্ষা করে সত্য প্রকাশের দৃষ্টান্ত—আলোচনা সভায় বক্তারা। ফাইল ফটো

উপমহাদেশের প্রখ্যাত সম্পাদক, ভাষাসৈনিক ও সাংবাদিক আবদুস সালামের সাহসী ও নির্মোহ সাংবাদিকতা আজও পথ দেখায়। পাকিস্তানি সামরিক শাসনসহ সব শাসনামলে ক্ষমতাসীনদের রক্তচক্ষু উপেক্ষা করে সত্য প্রকাশে তিনি ছিলেন অবিচল। নির্যাতন, নিগ্রহ কিংবা কারাবাস—কোনো কিছুই তাঁকে তাঁর কর্তব্য থেকে বিচ্যুত করতে পারেনি। সাংবাদিকতার হারানো সম্মান ও মর্যাদা ফিরিয়ে আনতে তাঁর জীবন ও কর্ম থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা।

রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) মিলনায়তনে পিআইবির প্রতিষ্ঠাতা মহাপরিচালক ও অবজারভারের প্রতিষ্ঠাতা সম্পাদক আবদুস সালামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সাংবাদিক আবদুস সালাম স্মৃতি পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

সভায় আবদুস সালামকে সাহসী ও নির্মোহ সাংবাদিকতার প্রতীক হিসেবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, আবদুস সালাম সারা জীবনই নিগ্রহের শিকার হয়েছেন। পাকিস্তানি সামরিক স্বৈরশাসক আইয়ুব খানের কঠোর সমালোচনা করে তিনি জেলে গেছেন। দেশে মৃদু গণতন্ত্র, স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদী শাসন থাকলেও তাঁর ওপর নির্যাতন হয়েছে। কিন্তু শত আঘাতেও তিনি কর্তব্যকর্ম থেকে বিচ্যুত হননি।

নতুন প্রজন্মকে আবদুস সালামের জীবন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, আজকের পৃথিবী যেভাবে গণতন্ত্রহীনতা ও যুদ্ধ-বিগ্রহে বিপন্ন হয়ে পড়েছে, সেখানে আবদুস সালামকে কেবল বাংলাদেশেই নয়, গোটা বিশ্বেই প্রয়োজন। এ দেশের গণতন্ত্র ও স্বাধীনতা যদি আবারও বিপন্ন হয়ে পড়ে, তখনও তাঁর মতো মানুষদের কথাই স্মরণে আসবে।

বর্তমান সরকার গণমাধ্যমের সমালোচনার প্রতি সহিষ্ণু বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদুর রহমান। তিনি বলেন, আবদুস সালাম স্বৈরশাসকদের বিরুদ্ধে অ্যাক্টিভিজম করেছেন। গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় এ ধরনের অ্যাক্টিভিজমের প্রয়োজন আছে।

তিনি বলেন, আমরা আর কোনো গণঅভ্যুত্থান চাই না; আবু সাঈদ, মুগ্ধরা জীবন দিক—সেটাও চাই না। সেই প্রেক্ষাপটে আবদুস সালামদের অ্যাক্টিভিজমও যেন আর ফিরে না আসে, সেটাই চাই। তবে ভবিষ্যতে আবারও স্বৈরশাসক ফিরে এলে তখন এই অ্যাক্টিভিজমে ফিরে যেতে হবে।

আলোচকদের দাবির পরিপ্রেক্ষিতে আবদুস সালামের নামে ঢাকা নগরীর একটি সড়কের নামকরণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম।

আবদুস সালাম নির্মোহভাবে ক্ষমতাসীনদের সমালোচনা করেছেন উল্লেখ করে সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, যারা সরকারে থাকেন, তারা মনে করেন গণমাধ্যমে সরকারের সমালোচনা হলে তারা দুর্বল হয়ে পড়বেন। কিন্তু সরকার সমালোচনাকে গ্রহণ করে নিজেদের সংশোধন করতে পারলে দেশ ও জাতি আরও এগিয়ে যাবে।

বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গণি চৌধুরী বলেন, গত ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে আমাদের সম্পাদক ও সাংবাদিকরা ক্ষমতামুখী ও দলদাসে পরিণত হওয়ায় সাংবাদিকতার ইতিহাস কলঙ্কিত হয়েছে। সাংবাদিকতার হারানো সম্মান ও মর্যাদা ফিরে পেতে আবদুস সালামের জীবন থেকে শিক্ষা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভাপতির বক্তব্যে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ প্রখ্যাত এই সাংবাদিকের নামে পিআইবি থেকে একটি পদক চালুর ঘোষণা দেন।

বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও আবদুস সালাম স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক লোটন একরামের সঞ্চালনায় সভায় সূচনা বক্তব্য দেন আবদুস সালামের মেয়ে ও স্মৃতি সংসদের সভাপতি রেহানা সালাম।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, টেলিভিশন এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ড. আবদুল হাই সিদ্দিক, সদস্য সচিব জুবায়ের আহমেদ বাবুসহ অনেকে।

অনুষ্ঠানের শুরুতে সাংবাদিক আবদুস সালামের জীবন ও কর্ম এবং পিআইবি প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নির্মিত দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

সত্যের পক্ষে অবিচল এক সাংবাদিকের উত্তরাধিকার

আলোচনা সভায় বক্তাদের বক্তব্যে উঠে আসে—ক্ষমতার কাছে নত না হয়ে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোই ছিল আবদুস সালামের সাংবাদিকতার মূল শক্তি। তাঁর জীবন শুধু একটি প্রজন্মের সাংবাদিকতার ইতিহাস নয়; বরং ভবিষ্যৎ সাংবাদিকদের জন্যও সাহস, সততা ও নির্মোহতার এক অনন্য দৃষ্টান্ত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।