বিদিশা সিদ্দিকের ফেসবুক পেজ থেকে নেওয়া।প্রতারণা মামলায় ২ বছরের সাজা, আদালতের পরোয়ানায় গুলশানের বাসা থেকে আটক। ফাইল ফটো
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ এশিয়া পোস্টকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, একটি প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা হয়েছে। ওই মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এরশাদ-বিদিশার সম্পর্কের শুরু যেভাবে
৫৫ বছর বয়সী বিদিশা সিদ্দিক ১৯৭১ সালে খুলনার বাগেরহাটে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ‘দীনা’। তার বাবা ছিলেন কবি আবুবকর সিদ্দিক।
১৯৯৮ সালের ১৪ জুলাই হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে বিদিশার প্রথম পরিচয় হয়। পরবর্তী সময়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হলে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির ঘরে শাহাতা জারাব এরশাদ (এরিক) নামে এক পুত্রসন্তানের জন্ম হয়।
তবে দীর্ঘস্থায়ী হয়নি তাদের দাম্পত্য জীবন। ২০০৫ সালের জুন মাসে সম্পর্কে অবনতি ঘটলে হুসেইন মুহম্মদ এরশাদ বিদিশাকে তালাক দেন।
বিচ্ছেদের পরও থামেনি আলোচনার ঝড়
বিচ্ছেদের পর তাদের একমাত্র ছেলে এরিকের হেফাজত (কাস্টডি) নিয়ে শুরু হয় আইনি ও পারিবারিক দ্বন্দ্ব। এ নিয়ে বিভিন্ন সময়ে তাদের সম্পর্কের টানাপোড়েন ও ব্যক্তিগত জীবনের নানা বিষয় গণমাধ্যমে আলোচনায় আসে।
২০১৯ সালে হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর শোক প্রকাশ করেন বিদিশা।
এরশাদের সঙ্গে বিচ্ছেদের পরও বিভিন্ন সময়ে নানা ঘটনা ও বক্তব্যের কারণে আলোচনায় ছিলেন বিদিশা সিদ্দিক। নিজের জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরে তিনি ‘শত্রুর সঙ্গে বসবাস’ নামে একটি আত্মজীবনীমূলক গ্রন্থও রচনা করেন।
এবার একটি প্রতারণা মামলায় আদালতের দেওয়া সাজা ও গ্রেপ্তারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে তার গ্রেপ্তারের ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের নাম।
