ফাইল ছবি
সমাজ বিপ্লবের পরিপূরক সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে এক সাহিত্য সভা। গতকাল বিকাল ৪টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির ৩য় তলার সেমিনার কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত কথাসাহিত্যিক জাকির তালুকদার।
‘মহান অক্টোবর বিপ্লবের আলোকে শিল্প-সাহিত্য: রুশ থেকে বাংলা’ শীর্ষক এই আলোচনা সভায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন—
কমরেড নিখিল দাস (সভাপতি, চারণ সাংস্কৃতিক কেন্দ্র কেন্দ্রীয় কমিটি)
ড. ফারহা তানজিম তিতিল (সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়)
সৈকত হাবীব (কবি ও গদ্যকার)
অনুষ্ঠানিটি অত্যন্ত সুচারুভাবে পরিচালনা করেন আজমীরা শ্যামা। সভার শুরুতে প্রয়াত সংগীতশিল্পী ও প্রশিক্ষক কোহিনূর খানমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচকরা বলেন, শোষণ ও বৈষম্যহীন এক নতুন সমাজের স্বপ্ন নিয়ে মানুষের সুদীর্ঘ লড়াইয়ের ইতিহাসে ১৯১৭ সালের মহান অক্টোবর বিপ্লব (রুশ সমাজতান্ত্রিক বিপ্লব) অত্যন্ত গৌরবোজ্জ্বল ও তাৎপর্যপূর্ণ এক অধ্যায়। দর্শন, সমাজ, রাজনীতি ও অর্থনীতির পাশাপাশি এই বিপ্লবের সুদূরপ্রসারী প্রভাব সাহিত্য ও শিল্পকলার জগতেও নতুন দিগন্ত উন্মোচন করেছিল।
বক্তারা আরও উল্লেখ করেন, শতাব্দীর বেশি সময় পেরিয়ে এসেও দুনিয়ার মুক্তিকামী মানুষকে আজও সেই নতুন সমাজের উপযোগী সৃজনশীল জগৎ, তার অর্জন এবং সীমাবদ্ধতা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। একই সাথে রুশ বিপ্লবের সেই জোয়ার বাংলা ভাষার সৃষ্টিসম্ভারকে কতটা আলোড়িত করতে পেরেছিল এবং এর সাফল্য-ব্যর্থতার খতিয়ান কেমন ছিল, তা থেকেও শিক্ষা নেওয়ার সময় এসেছে। বর্তমান বৈশ্বিক পুঁজিবাদী রাষ্ট্রব্যবস্থা কীভাবে সংকটের মুখে পড়ছে, তা তুলে ধরে বক্তারা বলেন, সভ্যতার বিকাশ ও সমৃদ্ধিতে শিল্প-সাহিত্যের অপরিহার্য গুরুত্ব অনুধাবন করেই মুক্তির পথ খুঁজতে হবে।
বিশিষ্টজনদের উপস্থিতি, শিল্প ও সাহিত্য সমাজের দর্পণ, এই ভাবনার সাথে একাত্মতা প্রকাশ করে সভায় আরও উপস্থিত ছিলেন—
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)জাতীয় গণফ্রন্ট
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক আন্দোলনের কর্মীরাও অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভা শেষে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের পরিবেশনায় সমবেত ‘কমিউনিস্ট আন্তর্জাতিক’ সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
