পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্যদের সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজার মো. ইজাজুল হকের সভাপতিত্বে সভায় বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা অংশ নেন।
মতবিনিময় সভায় জনপ্রতিনিধিরা নিজ নিজ এলাকার উন্নয়নমূলক বিভিন্ন সমস্যা, প্রশাসনিক জটিলতা ও সামাজিক নানা চ্যালেঞ্জ তুলে ধরেন।
কয়েকজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে মাঠপর্যায়ে কাজের পরিবেশ ও সামাজিক মর্যাদা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে নানা ধরনের জটিলতার মুখোমুখি হতে হচ্ছে এবং সাধারণ মানুষের কাছ থেকে কাঙ্ক্ষিত সম্মান পাচ্ছেন না তারা।
সভায় সংরক্ষিত নারী সদস্যরাও বৈষম্যের অভিযোগ তুলে ধরেন। তারা বলেন, তিনটি ওয়ার্ডের দায়িত্ব পালন করলেও পুরুষ সদস্য ও ইউনিয়ন পরিষদ থেকে তারা যথাযথ সম্মান এবং ন্যায্য উন্নয়ন বরাদ্দ পাচ্ছেন না। এ বিষয়ে প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
অন্যদিকে, সাধারণ সদস্যরা নিজ নিজ এলাকার রাস্তাঘাট, স্কুল-কলেজসহ বিভিন্ন অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরেন। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত এবং যেকোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের দাবি জানান তারা।
জনপ্রতিনিধিদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা গুরুত্বসহকারে শোনেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি পর্যায়ক্রমে সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি এলাকার উন্নয়নে জনপ্রতিনিধি, প্রশাসন ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. গোলাম মোস্তফা, গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি হাফিজ মাস্টার, বিএনপি ও গণঅধিকার পরিষদের স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
