সরবরাহ সংকটের অজুহাতে বাড়ছে নিত্যপণ্যের দর, বাজারে নজরদারি জোরদারের দাবি। ফাইল ছবি
চালের বাজারে হঠাৎ ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। মাত্র ১৫ থেকে ২০ দিনের ব্যবধানে জাত ও মানভেদে কেজিতে এক থেকে চার টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। একই সঙ্গে শিম, ফুলকপি, বেগুন, পটোল ও ঢ্যাঁড়শসহ কয়েকটি সবজির দামও বেড়েছে। তবে ডিম ও মুরগির বাজারে তুলনামূলক স্থিতিশীলতা বিরাজ করছে।
ব্যবসায়ীদের দাবি, পুরোনো নাজিরশাইল ধানের মজুত ফুরিয়ে আসায় মিল পর্যায়ে চালের দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। নতুন আমন ধান বাজারে আসতে শুরু করলে চালের দাম কমে আসতে পারে। অন্যদিকে, বৃষ্টি ও পরিবহন সংকটের কারণে ঢাকায় সবজির সরবরাহ কমেছে বলে দাবি বিক্রেতাদের। সরবরাহ স্বাভাবিক হলে শীতকালীন সবজির দাম কমার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির কারণে বাজারে ক্রেতার উপস্থিতি কমে যাওয়ায় বিক্রিও তুলনামূলকভাবে মন্থর।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও, মহাখালী ও কারওয়ান বাজারের বিভিন্ন বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে নিত্যপণ্যের দামের এ চিত্র পাওয়া গেছে।
বাজার বিশ্লেষকদের মতে, সরবরাহ সংকট কিংবা মৌসুমি পরিবর্তনের অজুহাতে ব্যবসায়ীদের একাংশ পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন। পাইকারি ও খুচরা বাজারের দামের ব্যবধান নিয়মিত পর্যবেক্ষণ, মিলগেটের মূল্য প্রকাশ এবং অযৌক্তিক মুনাফা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরাতে সরকারের নজরদারি আরও জোরদার করার দাবি জানিয়েছেন তাঁরা।
নাজিরশাইল ও মিনিকেটের দাম বাড়তি
বাজারে চালের মধ্যে নাজিরশাইলের দাম বেড়েছে সবচেয়ে বেশি। গত ১৫ থেকে ২০ দিনের ব্যবধানে এ জাতের চালের কেজিতে তিন থেকে চার টাকা বেড়েছে। বর্তমানে খুচরা বাজারে নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে কেজি ৮০ থেকে ৯০ টাকায়। দুই সপ্তাহ আগে এ চালের দাম ছিল কেজি ৮৫ টাকার আশপাশে।
বাজারে সবচেয়ে বেশি বিক্রি হওয়া সরু চাল মিনিকেট এবং মাঝারি মানের পায়জাম ও ব্রি-২৮/২৯ জাতের চালের দামও বেড়েছে। দুই সপ্তাহের ব্যবধানে মিনিকেট চালের কেজিতে প্রায় দুই টাকা বেড়ে বর্তমানে ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি চাল কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে কেজি ৫৬ থেকে ৬২ টাকা।
তবে মোটা চালের বাজারে তেমন পরিবর্তন দেখা যায়নি। গুটি স্বর্ণা ও চায়না ইরি জাতের চাল প্রতি কেজি ৫০ থেকে ৫৪ টাকায় বিক্রি হচ্ছে।
কারওয়ান বাজারের খুচরা চাল ব্যবসায়ী মুক্তা রাইস এজেন্সির স্বত্বাধিকারী শাহজাহান মিয়া সমতল মাতৃভূমি’কে বলেন, ধানের মজুত শেষের দিকে চলে এসেছে। এ কারণে পাইকারি বাজারে নাজিরশাইল চালের ২৫ কেজির বস্তায় ৪০ থেকে ৬০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। নভেম্বরের শেষদিকে আমন ধান উঠতে শুরু করবে। নতুন চাল বাজারে এলে দাম কমতে পারে। তবে দোকানিদের কথার সাথে বাস্তবে মিল নেই। ৪০ থেকে ৬০ টাকার কথা বলা হলেও এর ব্যবধান ২০০ টাকা ছাড়িয়ে যাবে।
নাজিরশাইলের দাম বৃদ্ধির পেছনে মৌসুমি সরবরাহ সংকটের কথা বলছেন ব্যবসায়ীরা। তবে মিনিকেট চালের দাম বাড়ার সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করতে পারেননি তাঁরা। ব্যবসায়ীদের কেউ কেউ বলছেন, নাজিরশাইলের দাম বাড়ার সুযোগ নিয়ে চালকল মালিকরা মিনিকেটের দামও বাড়িয়েছেন।
পোলাও চালের দাম কিছুটা কমেছে
চলতি বছর রেকর্ড উচ্চতায় পৌঁছানো পোলাও চালের দাম এখন কিছুটা নিম্নমুখী। বর্তমানে খোলা পোলাও চাল কেজি ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। দুই মাস আগে এ চালের কেজি ২০০ টাকার বেশি ছিল। প্যাকেটজাত পোলাও চাল বিক্রি হচ্ছে কেজি ২১০ থেকে ২৩০ টাকায়।
খাদ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গতকাল পর্যন্ত সরকারি গুদামে চালের মজুত ছিল ১৭ লাখ টনের বেশি। গমসহ মোট খাদ্যশস্যের মজুত দাঁড়িয়েছে প্রায় ২০ লাখ ৫১ হাজার ২৪৯ টন।
চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকার তিন লাখ টন আমন ধান, পাঁচ লাখ টন সেদ্ধ চাল এবং ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
বৃষ্টি ও পরিবহন সংকটে বাড়ছে সবজির দাম
দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং দেশের বিভিন্ন এলাকায় রাজনৈতিক পরিস্থিতির কারণে কিছু অঞ্চল থেকে ঢাকায় সবজির সরবরাহ কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। এর প্রভাব পড়েছে কয়েকটি সবজির দামে।
বাজারে আকারভেদে ফুলকপি প্রতি পিস ৩৫ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। দুই দিন আগেও একই ফুলকপি ২৫ থেকে ৩৫ টাকায় পাওয়া গেছে। শিমের কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে বর্তমানে ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুনের দাম কেজিতে ২০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭০ থেকে ৯০ টাকায়।
এ ছাড়া পটোল ও ঢ্যাঁড়শের কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। নতুন আলু প্রতি কেজি ১১০ থেকে ১২০ টাকা এবং পুরোনো আলু ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য সবজির দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে।
আগারগাঁওয়ে ভ্যানে সবজি বিক্রি করেন সাইফুল ইসলাম। তিনি বলেন, কয়েক ধরনের সবজির পাঁচ কেজির পাল্লায় ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। বৃষ্টির কারণে ক্রেতা একেবারেই কম। বেশি দামে সবজি কিনে বিক্রি করতে না পারলে লোকসানের আশঙ্কা রয়েছে।
কারওয়ান বাজারের পাইকারি সবজি বিক্রেতা রিপন মিয়া বলেন, বৃষ্টির পাশাপাশি বিভিন্ন এলাকায় দাঙ্গা-হাঙ্গামার কারণে সবজিবাহী ট্রাক কম আসছে। সরবরাহ কম থাকলে স্বাভাবিকভাবেই দাম বাড়বে।
ডিম-মুরগির বাজারে স্বস্তি, চালের দাম নিয়ে প্রশ্ন
গত সপ্তাহের মতো এবারও ডিম ও মুরগির বাজারে বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি। প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। ব্রয়লার মুরগির কেজি ১৭০ থেকে ১৮০ টাকা এবং সোনালি মুরগি ২৮০ থেকে ৩১০ টাকায় বিক্রি হচ্ছে।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, বর্তমান পরিস্থিতিতে চালের দাম বাড়ার যৌক্তিক কারণ নেই। ব্যবসায়ীরা বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ান।
তিনি বলেন, করপোরেট প্রতিষ্ঠানগুলোর দখলে নিত্যপণ্যের বাজার চলে যাওয়ায় পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে। তারা ইচ্ছেমতো দাম বাড়ালেও সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।
চালের বাজারে আকস্মিক মূল্যবৃদ্ধি, সবজির সরবরাহ সংকট এবং পাইকারি-খুচরা দামের অসামঞ্জস্য—সব মিলিয়ে সাধারণ ক্রেতাদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে নিয়মিত তদারকি, সরবরাহ ব্যবস্থার স্বচ্ছতা এবং ব্যবসায়ীদের জবাবদিহি নিশ্চিত করা এখন জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
