রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চিকিৎসার জন্য ঢাকার পথে মর্মান্তিক দুর্ঘটনা, সড়কে প্রাণ গেল বাবা-ছেলের

আলমগীর হোসেন জুয়েল পটুয়াখালী প্রতিনিধি
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

চিকিৎসা করাতে ও দোকানের মালামাল আনতে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন বাবা-ছেলে। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই মাদারীপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুজনই।

শুক্রবার বিকেলে মাদারীপুর জেলার শিবপুর উপজেলার বাখরেকান্দি পুনর্বাসন কেন্দ্রসংলগ্ন মাদবরের কান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আবু জাফর মৃধা (৫৫) ও তাঁর ছেলে অনিক মৃধা (১৪)। তাঁদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নে।

জাফর মৃধা একজন ব্যবসায়ী। উপজেলা সদর সুবিদখালীর নান্নু শপিং কমপ্লেক্সে তাঁর একটি গার্মেন্টসের দোকান রয়েছে। আর তাঁর ছেলে অনিক মৃধা মির্জাগঞ্জ আইডিয়াল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর জেলার শিবপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহম্মেদ।

তিনি জানান, ঢাকা-খুলনা হাইওয়ে সড়কের পাশে পালকি পরিবহনের একটি বাসের চাকা পাংচার হয়ে যায়। এ সময় বাসটির চালক ও হেলপার চাকা মেরামতের কাজ করছিলেন। এরই মধ্যে বরগুনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে থামানো বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে দুই বাসের সামনের ও পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ ঘটনায় আরও ১৫ থেকে ২০ জন গুরুতর আহত হয়েছেন।

নিহত তিনজনের মধ্যে আবু জাফর মৃধা ও অনিক মৃধা সম্পর্কে বাবা-ছেলে। তাঁদের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায়।

এদিকে নান্নু শপিং কমপ্লেক্সের স্বত্বাধিকারী ও উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন নান্নু মুন্সী বলেন, জাফর মৃধা তাঁর কাছ থেকে দোকান ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে গার্মেন্টসের ব্যবসা করতেন।

তিনি জানান, শুক্রবার সকালে ছেলে অনিককে সঙ্গে নিয়ে হানিফ পরিবহনের একটি বাসে মির্জাগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা হন জাফর মৃধা। পথিমধ্যে মাদারীপুরে ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারান বাবা ও ছেলে।

চিকিৎসা ও ব্যবসার কাজে ঢাকার পথে রওনা দেওয়া বাবা-ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।