বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দুদকে অভিযোগের পরও বহাল সিন্ডিকেটের প্রভাব, ডিজি আফজাল ও বন্ধু সচিবের নিয়ন্ত্রণে গোটা রেলওয়ে, প্রশ্নবিদ্ধ নিয়োগ থেকে দরপত্রে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৮, ২০২৬ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

১৮ মাসেও রেলওয়েতে দৃশ্যমান সংস্কার নেই, তদন্ত কমিটি কার্যত নিষ্ক্রিয়; পুরোনো দুর্নীতির বিচার তো দূরের কথা, নতুন করে অনিয়মের অভিযোগ। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের শাসনামলে বাংলাদেশ রেলওয়ের দুর্নীতি নির্মূল, বিগত আওয়ামী লীগ সরকারের আমলের হাজার হাজার কোটি টাকার অনিয়মের বিচার এবং রেল খাতে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা এখন অনেকটাই প্রশ্নবিদ্ধ। রেলভবনের অভ্যন্তরে আলোচনা-সমালোচনার পাশাপাশি বিভিন্ন অভিযোগ ও প্রাপ্ত নথিপত্র ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

রেল সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র ও প্রাপ্ত নথিপত্রের তথ্যানুযায়ী, রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের প্রত্যক্ষ ও পরোক্ষ আনুকূল্যে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেনকে কেন্দ্র করে একটি শক্তিশালী প্রশাসনিক বলয় গড়ে ওঠার অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টদের দাবি, এই বলয়ের প্রভাবে বিগত সরকারের আমলের বড় বড় প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ যথাযথভাবে তদন্তের মুখ দেখছে না। একই সঙ্গে নতুন করে দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম, নিয়োগ ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েও নানা প্রশ্ন উঠেছে।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এসব অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত আবেদন জমা পড়লেও এখন পর্যন্ত প্রত্যাশিত তদন্তের অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন অভিযোগকারীরা। ফলে রেলওয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণ, সিদ্ধান্ত গ্রহণ এবং জবাবদিহির কাঠামো নিয়েও প্রশ্ন উঠছে।

জ্যেষ্ঠতা লঙ্ঘন করে পদ্মা রেল সেতু প্রকল্পের বিতর্কিত পিডিকে ডিজি নিয়োগ!

রেলওয়ের অভ্যন্তরীণ সূত্রমতে, দায়িত্ব গ্রহণের প্রাথমিক পর্যায়ে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে তাঁর অবস্থান ও বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে রেল সংশ্লিষ্ট মহলে অসন্তোষ তৈরি হয়।

অভিযোগের কেন্দ্রে রয়েছেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আলোচিত পদ্মা রেল সংযোগ প্রকল্পের শুরু থেকে শেষ পর্যন্ত প্রকল্প পরিচালকের (পিডি) দায়িত্ব পালন করা মো. আফজাল হোসেন। তাঁকেই পরবর্তী সময়ে বাংলাদেশ রেলওয়ের সর্বোচ্চ প্রশাসনিক পদ মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়।

রেল সংশ্লিষ্টদের অভিযোগ, পদ্মা রেল সংযোগ প্রকল্পের বিপুল অঙ্কের বিল পরিশোধ এবং প্রকল্প বাস্তবায়নকালে সংঘটিত বিভিন্ন অনিয়মের বিষয়ে প্রশ্ন থাকলেও সেসব অভিযোগের নিরপেক্ষ নিষ্পত্তির আগেই আফজাল হোসেনকে গুরুত্বপূর্ণ এই পদে বসানো হয়। তাঁকে ডিজি নিয়োগ দিতে গিয়ে দুজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ডিঙানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

বাদ পড়া কর্মকর্তাদের একজন আফজাল হোসেনের একই ব্যাচের মেধাতালিকায় প্রথম স্থান অধিকারী এবং অনেক আগেই তৃতীয় গ্রেডে পদোন্নতিপ্রাপ্ত। সংশ্লিষ্টদের দাবি, ওই কর্মকর্তা এ অবস্থায় জ্যেষ্ঠতা ও প্রশাসনিক যোগ্যতার বিষয়টি উপেক্ষা করে আফজাল হোসেনকে ডিজি নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন রেলওয়ের একাধিক কর্মকর্তা। তাঁদের মতে, অভিযোগের নিরপেক্ষ তদন্তের পরিবর্তে সংশ্লিষ্ট কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়ে থাকলে তা প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহির পরিপন্থী।

সচিব-ডিজির বন্ধুত্ব, প্রশাসনিক যোগসাজশ ও নিয়োগ ঘিরে নানা প্রশ্ন

নথিপত্র ও রেলভবন সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, প্রশাসনের ১৩তম ব্যাচের কর্মকর্তা মো. ফাহিমুল ইসলাম এবং রেলওয়ের ডিজি মো. আফজাল হোসেন পরস্পরের ব্যাচমেট ও ঘনিষ্ঠ বন্ধু। অভিযোগ রয়েছে, আফজাল হোসেন প্রকাশ্যেই বিভিন্ন সময়ে সচিবকে নিজের বন্ধু হিসেবে পরিচয় দিয়ে থাকেন। এ বিষয়ে সচিবেরও সম্মতি রয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।

নিয়োগসংক্রান্ত নথিপত্র বিশ্লেষণে জানা যায়, উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান প্রথমে ফাহিমুল ইসলামকে সেতু বিভাগের সচিব পদে পদায়ন করেন। পরবর্তী সময়ে ২০২৪ সালের ৭ নভেম্বর উপদেষ্টা নিজে জনপ্রশাসন সচিবের কাছে একটি আধা-সরকারি পত্র (ডিও লেটার) পাঠিয়ে ফাহিমুল ইসলামকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়ার সুপারিশ করেন।

এর পরিপ্রেক্ষিতে ২০ নভেম্বর তৎকালীন রেল সচিব আবদুল বাকীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয় এবং ফাহিমুল ইসলামকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।

পরবর্তীতে ২৮ নভেম্বর ২০২৪ তারিখে রেল সচিব হিসেবে যোগদান করেই ওই দিন বন্ধু আফজাল হোসেনকে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক পদে নিয়োগের আদেশ জারি করেন ফাহিমুল ইসলাম। আফজাল হোসেন তৎকালীন ডিজি সরদার সাহাদাত আলীর স্থলাভিষিক্ত হন এবং ৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

রেল সংশ্লিষ্ট একাধিক সূত্রের অভিযোগ, এরপর থেকে সচিব ও ডিজির প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এক ধরনের সমন্বিত বলয় তৈরি হয়। এমনকি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বদলি, পদায়ন ও বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমেও এই বলয়ের প্রভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্টদের আরও দাবি, সচিব ফাহিমুল ইসলাম সরকারি উচ্চপর্যায়ে যোগাযোগ ও তদবিরের মাধ্যমে নিজের এবং ডিজির অবস্থান ধরে রাখার চেষ্টা করেছেন। রাজনৈতিক পটপরিবর্তনের পরও নিজস্ব স্বার্থে অবস্থান পরিবর্তনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে এসব অভিযোগের স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

১৮ মাসেও রেলওয়েতে দৃশ্যমান উন্নয়ন নেই, তদন্ত কমিটি কি শুধু আইওয়াশ?

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রায় ১৮ মাসের শাসনামলে বাংলাদেশ রেলওয়ের সেবার মানোন্নয়ন, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক সংস্কারে দৃশ্যমান অগ্রগতি না হওয়ার অভিযোগ তুলেছেন রেলওয়ের একাধিক সূত্র।

তাঁদের দাবি, যাত্রীসেবার মান উন্নয়ন, টিকিট কালোবাজারি বন্ধ, পুরোনো প্রকল্পের দুর্নীতি অনুসন্ধান এবং ক্রয়প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার পরিবর্তে একের পর এক তদন্ত কমিটি গঠন করা হলেও সেগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো—

1. টিকিট কালোবাজারি রোধ এবং অনলাইন টিকিট বিক্রির প্ল্যাটফর্ম ‘সহজ ডটকম’-এর সম্পৃক্ততা যাচাই কমিটি।

2. কোরিয়ান প্রতিষ্ঠান হুন্দাই রোটেম থেকে কেনা ৩০টি ইঞ্জিন অকেজো হয়ে যাওয়ার ঘটনা তদন্তে গঠিত লোকোমোটিভ কমিটি।

3. রেলওয়ের রুট রেশনালাইজেশন কমিটি।

রেল সংশ্লিষ্ট সূত্রের দাবি, এসব কমিটির কোনোটিই এখন পর্যন্ত কার্যকর তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি। একই সঙ্গে কমিটিগুলোর সুপারিশ বাস্তবায়ন কিংবা সংশ্লিষ্ট অনিয়মের বিষয়ে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণেরও নজির পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে।

অন্যদিকে, রেলওয়েকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে তিনজন ছাত্র প্রতিনিধিকে সারা দেশে ভ্রমণের জন্য বিনামূল্যে টিকিট দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। পরবর্তী সময়ে টিকিটের অপব্যবহারের অভিযোগ ওঠে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তাঁদের রেলওয়ে থেকে সরে যেতে হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ নিয়ে রেল সংশ্লিষ্টদের প্রশ্ন, কয়েকজন ছাত্র প্রতিনিধির টিকিট ব্যবহারের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া সম্ভব হলেও হাজার হাজার কোটি টাকার প্রকল্প, ইঞ্জিন ক্রয়, দরপত্র ও প্রশাসনিক অনিয়মের অভিযোগে কার্যকর পদক্ষেপ কেন দৃশ্যমান নয়? এসব তদন্ত কমিটি কি কেবল সময়ক্ষেপণ ও দায় এড়ানোর হাতিয়ার হয়ে উঠেছে?

প্রশাসনিক তদারকি কোথায়? সচিবের মেয়াদকালের স্বাধীন নিরীক্ষার দাবি

রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসনিক কাঠামো অনুযায়ী, অধীনস্থ বিভিন্ন দপ্তর, সংস্থা কিংবা প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠলে সেগুলো তদন্ত, তদারকি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে সচিবের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।

কিন্তু অভিযোগ রয়েছে, সচিব মো. ফাহিমুল ইসলামের দায়িত্ব পালনকালে বিভিন্ন ক্রয়প্রক্রিয়া, প্রকল্প বাস্তবায়ন ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে নানা প্রশ্ন উঠলেও কার্যকর তদারকি এবং জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি।

প্রশাসনিক বিশ্লেষকদের মতে, এ বিষয়ে প্রকৃত চিত্র জানতে হলে সচিবের দপ্তরে জমা পড়া অভিযোগের সংখ্যা, নিষ্পত্তির হার, নিরীক্ষা আপত্তির অবস্থা, তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে গৃহীত প্রশাসনিক ব্যবস্থার তথ্য পর্যালোচনা করা জরুরি।

বিশেষ করে কোনো অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পরও ব্যবস্থা নেওয়া হয়নি কি না, কিংবা বিধিবহির্ভূত সিদ্ধান্ত গ্রহণে প্রশাসনিক সহযোগিতা দেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। এমন কিছু প্রমাণিত হলে সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণের বিষয়টিও বিবেচনায় আসতে পারে।

৩৪ ট্র্যাকশন মোটর মেরামতের দরপত্রে গোপন প্রাক্কলন ফাঁসের অভিযোগ!

বাংলাদেশ রেলওয়ের ৩৪টি ট্র্যাকশন মোটর মেরামতের দরপত্র ঘিরে এবার গোপন প্রাক্কলিত মূল্য ফাঁসের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগটি রেলওয়ের ক্রয়প্রক্রিয়ার স্বচ্ছতা ও দরপত্র ব্যবস্থাপনা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৩৪টি ট্র্যাকশন মোটর মেরামতের জন্য দাপ্তরিক প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছিল প্রায় ৫ কোটি ৯৫ লাখ টাকা। কিন্তু ২০২৬ সালের ২৩ জুন ‘শ্রীজা মেটাল ইন্ডাস্ট্রিজ’ নামের একটি প্রতিষ্ঠানকে প্রায় ৬ কোটি ৪৫ লাখ ৫২ হাজার টাকার কার্যাদেশ দেওয়া হয়।

অর্থাৎ, কার্যাদেশের মূল্য দাপ্তরিক প্রাক্কলিত ব্যয়ের চেয়ে প্রায় ৫০ লাখ ৫৩ হাজার টাকা বেশি।

এ দরপত্রে নির্দিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে অভিজ্ঞতাসংক্রান্ত শর্ত পরিবর্তন করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি দরপত্র প্রক্রিয়া চলাকালে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের চিঠিপত্রে দাপ্তরিক গোপন প্রাক্কলিত মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অঙ্কের উল্লেখ পাওয়া গেছে বলেও দাবি করা হয়েছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দরপত্র আহ্বানকারী কর্মকর্তা ও রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক বেলাল হোসেন সরকারও গোপন তথ্য ফাঁসের সম্ভাবনার কথা স্বীকার করেছেন বলে প্রাপ্ত তথ্যে উল্লেখ রয়েছে।

অন্যদিকে, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান বিধি মেনেই দরপত্রে অংশগ্রহণ করেছে বলে দাবি করেছে। তবে গোপন প্রাক্কলিত মূল্য কীভাবে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে পৌঁছাল, অভিজ্ঞতার শর্ত পরিবর্তনের পেছনে কী কারণ ছিল এবং প্রাক্কলিত ব্যয়ের চেয়ে বেশি মূল্যে কার্যাদেশ দেওয়ার যৌক্তিকতা কী—এসব প্রশ্নের এখনো সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি বলে অভিযোগকারীদের দাবি।

এ ঘটনায় এখন পর্যন্ত দৃশ্যমান তদন্ত কিংবা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না হওয়ায় রেলওয়ের দরপত্র ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে।

কিন্তু অভিযোগ জমা দেওয়ার পরও তদন্তের দৃশ্যমান অগ্রগতি না থাকায় হতাশা প্রকাশ করেছেন অভিযোগকারীরা। তাঁদের প্রশ্ন, দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত ও জবাবদিহি নিশ্চিত না হলে রেলওয়েতে প্রকৃত সংস্কার কীভাবে সম্ভব?

সব মিলিয়ে বিগত সরকারের আমলের বিতর্কিত প্রকল্প, বর্তমান প্রশাসনের নিয়োগ ও পদায়ন, তদন্ত কমিটির কার্যকারিতা এবং নতুন দরপত্রে অনিয়মের অভিযোগ—সবকিছু মিলিয়ে বাংলাদেশ রেলওয়ের প্রশাসনিক ব্যবস্থাপনা এখন নানা প্রশ্নের মুখে।

রেলওয়ের সাধারণ কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত হোক, নথিপত্র যাচাই করা হোক এবং অপরাধ প্রমাণিত হলে দল-মত কিংবা পদমর্যাদা বিবেচনা না করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

দুদকে অভিযোগের পরও কেন তদন্তের দৃশ্যমান অগ্রগতি নেই? সচিব-ডিজির প্রশাসনিক বলয়ের প্রভাব কতটা বিস্তৃত? পদ্মা রেল সংযোগ প্রকল্প থেকে শুরু করে সাম্প্রতিক দরপত্রের অভিযোগগুলোর নেপথ্যে কী রয়েছে?

এসব প্রশ্নের উত্তর খুঁজতে নথিপত্র, সংশ্লিষ্টদের বক্তব্য ও আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে থাকছে পরবর্তী পর্ব।

চলবে…

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।