মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম কাস্টমসে অবৈধ সিগারেটের চালান: কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৬, ২০২৬ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

আগাম তথ্য দিয়েও আটকানো যায়নি ৫০৩ কার্টন সিগারেট, কর্মকর্তার হোয়াটসঅ্যাপে সতর্কবার্তার পরও রহস্যজনক নীরবতা। ফাইল ছবি

চট্টগ্রাম কাস্টমস হাউসে বৈধ পণ্য আমদানির ঘোষণার আড়ালে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট আমদানির অভিযোগ উঠেছে। ৭১৫ কার্টন বৈধ পণ্যের চালানের সঙ্গে কৌশলে আনা হয়েছে আরও ৫০৩ কার্টন অবৈধ সিগারেট। এতে সরকার কোটি টাকার রাজস্ব হারিয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্ট সূত্রের।

সবচেয়ে আলোচিত বিষয় হলো, চালানটিতে অবৈধ সিগারেট থাকার সুনির্দিষ্ট তথ্য কাস্টমসের সংশ্লিষ্ট কর্মকর্তাকে আগেই জানানো হয়েছিল। এমনকি তথ্যপ্রমাণসহ তাঁর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে সতর্কবার্তাও পাঠানো হয়। তারপরও চালানটি আটকানো হয়নি। বরং যথাযথ শতভাগ কায়িক পরীক্ষা ছাড়াই পণ্য খালাসের প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় চট্টগ্রাম কাস্টমস হাউসের সংশ্লিষ্ট সহকারী কমিশনার মো. আরিফুল ইসলামের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, মোটা অঙ্কের আর্থিক লেনদেনের বিনিময়ে অবৈধ সিগারেটের চালানটি নির্বিঘ্নে খালাসের সুযোগ করে দেওয়া হয়েছে। যদিও এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

যেভাবে বৈধ পণ্যের আড়ালে এলো ৫০৩ কার্টন সিগারেট

অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, গত ৪ নভেম্বর ২০২৬ তারিখে সি-১৩২১৮১৭ নম্বর বিল অব এন্ট্রির মাধ্যমে চট্টগ্রাম কাস্টমস হাউসে একটি আমদানি পণ্যের চালান দাখিল করা হয়। বিল অব এন্ট্রির তারিখ ছিল ০৪/১১/২০২৬।

আমদানিকারক ঢাকার ‘ক্রোকারিজ ওয়ান্ড’ নামের প্রতিষ্ঠানটি চালানের কাগজপত্রে ৭১৫ কার্টন পার্টস, ইন্ডাকশন কুকার ও পাওয়ার কর্ড ঘোষণা করে। কিন্তু অভিযোগ উঠেছে, ঘোষিত বৈধ পণ্যের আড়ালে কৌশলে আনা হয় আরও ৫০৩ কার্টন অবৈধ সিগারেট।

একই সময়ে চট্টগ্রাম কাস্টমস হাউসে এক বা দুটি আইটেম ঘোষণা দিয়ে আমদানি করা বিভিন্ন চালানে কসমেটিকসসহ অন্যান্য অবৈধ পণ্য শনাক্ত ও আটক করার ঘটনা ঘটছে। অথচ সুনির্দিষ্ট তথ্য থাকার পরও এই চালানে থাকা বিপুল পরিমাণ সিগারেট কেন আটক করা গেল না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

অভিযোগ অনুযায়ী, সংশ্লিষ্ট সহকারী কমিশনার মো. আরিফুল ইসলাম চালানটি শতভাগ কায়িক পরীক্ষা ছাড়াই খালাসের প্রক্রিয়ায় স্বাক্ষর করেন। ফলে বৈধ পণ্যের আড়ালে থাকা অবৈধ সিগারেট শনাক্ত ও আটক করার সুযোগ হাতছাড়া হয়।

হোয়াটসঅ্যাপে আগাম সতর্কবার্তা, তারপরও কেন ব্যবস্থা নেওয়া হলো না?

অনুসন্ধানসংশ্লিষ্ট সূত্রের দাবি, অবৈধ সিগারেট আমদানির বিষয়টি কাস্টমস হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তা অতিরিক্ত কমিশনার এবং সংশ্লিষ্ট সহকারী কমিশনার আরিফুল ইসলাম আগে থেকেই অবগত ছিলেন।

গত ৪ নভেম্বর চালানটি কাস্টমসের সিস্টেমে সাবমিট হওয়ার পরপরই সহকারী কমিশনার আরিফুল ইসলামের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে তথ্যপ্রমাণসহ একটি সতর্কবার্তা পাঠানো হয়।

সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল, সি-১৩২১৮১৭ নম্বর বিল অব এন্ট্রির চালানে অবৈধ সিগারেট রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, এমন সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর নিয়ম অনুযায়ী চালানটি ইনস্পেকশন ট্র্যাকে নিয়ে শতভাগ কায়িক পরীক্ষার মাধ্যমে যাচাই করার উদ্যোগ নেওয়ার কথা ছিল। প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে চালানটি আটকানোর সুযোগও ছিল।

কিন্তু অভিযোগ রয়েছে, সতর্কবার্তা পাওয়ার পরও সংশ্লিষ্ট কর্মকর্তা কার্যকর কোনো পদক্ষেপ নেননি। কেন আগাম তথ্য পাওয়ার পরও চালানটি পরীক্ষার আওতায় এনে আটকানো হলো না, সেই প্রশ্নের উত্তর এখনো মেলেনি।

পিসিটি ও সিসিটি ইয়ার্ডের দায়িত্বে থেকেও নীরবতা!

সূত্রের দাবি, সহকারী কমিশনার মো. আরিফুল ইসলাম পিসিটি ও সিসিটি ইয়ার্ডের দায়িত্বে রয়েছেন। তাঁর দায়িত্বাধীন এলাকায় আমদানি পণ্যের চালান যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে খালাসের বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

অভিযোগ রয়েছে, অবৈধ পণ্য থাকার আগাম তথ্য পাওয়ার পরও চালানটি শতভাগ কায়িক পরীক্ষার আওতায় নেওয়া হয়নি। বরং প্রয়োজনীয় যাচাই ছাড়াই পণ্য খালাসের প্রক্রিয়ায় অনুমোদন দেওয়া হয়।

এ নিয়ে কাস্টমসের সংশ্লিষ্ট মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। আগাম তথ্য থাকা সত্ত্বেও কেন চালানটি পরীক্ষা করা হলো না? কার নির্দেশনা বা সিদ্ধান্তে চালানটি খালাসের সুযোগ পেল? সতর্কবার্তা পাঠানোর পরও কেন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি?

এসব প্রশ্নের পাশাপাশি অভিযোগ উঠেছে, চালানটি খালাসের পেছনে বড় অঙ্কের আর্থিক লেনদেন থাকতে পারে। তবে এ অভিযোগের স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত ছাড়া প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়ার সুযোগ নেই।

কোটি টাকার রাজস্ব ফাঁকি, তদন্তের দাবি

অভিযোগ সংশ্লিষ্টদের দাবি, ৫০৩ কার্টন অবৈধ সিগারেটের চালানটি আটক করা সম্ভব হলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব সুরক্ষার সুযোগ পেত। কিন্তু চালানটি খালাসের সুযোগ তৈরি হওয়ায় সরকার কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় কাস্টমসের দায়িত্বশীল কর্মকর্তাদের ভূমিকা, চালান পরীক্ষার প্রক্রিয়া, হোয়াটসঅ্যাপে পাঠানো সতর্কবার্তার সত্যতা এবং পণ্য খালাসের অনুমোদনসংক্রান্ত নথি যাচাইয়ের দাবি উঠেছে।

বিশেষ করে, চালানটি সাবমিট হওয়ার পর থেকে খালাস পর্যন্ত কাস্টমসের ইলেকট্রনিক সিস্টেমে সংরক্ষিত তথ্য, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নথিতে দেওয়া স্বাক্ষর এবং পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করা হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে কাস্টমস হাউসের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও ঘটনাটি নিয়ে অসন্তোষের কথা জানা গেছে।

একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, আগাম সতর্কবার্তা দেওয়ার পরও কেন চালানটি আটকানো হলো না, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের দাবি উঠেছে।

এখন বড় প্রশ্ন—আগাম তথ্য, হোয়াটসঅ্যাপে সতর্কবার্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তার দায়িত্বে থাকা সত্ত্বেও কীভাবে ৫০৩ কার্টন অবৈধ সিগারেটের চালান খালাসের সুযোগ পেল? এর পেছনে কারও যোগসাজশ কিংবা আর্থিক লেনদেন ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করা জরুরি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিশেষ খবর সর্বশেষ