বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দুদকে অভিযোগের প্রস্তুতি,১৫ বছর একই দপ্তরে বহাল তবিয়তে রাজউকের সহকারী পরিচালক তরিকুল ইসলাম

স্টাফ রিপোর্টার
নভেম্বর ১৮, ২০২৬ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

পূর্বাচল প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগ, উত্তরায় প্লট-ভবন ও ঝিনাইদহে শত বিঘা জমির সম্পদের সাম্রাজ্য। ফাইল ছবি

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সহকারী পরিচালক তরিকুল ইসলামের বিরুদ্ধে সরকারি চাকরিবিধি উপেক্ষা করে দীর্ঘ ১৫ বছর ধরে একই দপ্তরে কর্মরত থাকা, রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক সুবিধা নেওয়া এবং অবৈধ উপায়ে শতকোটি টাকার সম্পদ গড়ে তোলার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, পলাতক আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবীর নানকের প্রত্যক্ষ আশীর্বাদ ও রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে রাজউকের অভ্যন্তরে গড়ে তুলেছিলেন শক্তিশালী প্রভাববলয়। রাজউকের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমানের নেতৃত্বাধীন কথিত সিন্ডিকেটের অন্যতম সহযোগী হিসেবে কাজ করে তিনি দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি।

অনুসন্ধানসংশ্লিষ্ট একাধিক সূত্রের তথ্যমতে, রাজউকের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমানের আমলে দপ্তরটিতে একচ্ছত্র প্রভাব বিস্তার করেছিলেন সহকারী পরিচালক তরিকুল ইসলাম। জাহাঙ্গীর কবীর নানকের রাজনৈতিক প্রভাবকে ঢাল হিসেবে ব্যবহার করে তিনি বদলি কিংবা শাস্তিমূলক প্রশাসনিক ব্যবস্থার বাইরে ছিলেন বলে অভিযোগ রয়েছে। আব্দুর রহমানের পর পর্যায়ক্রমে সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া এবং মেজর জেনারেল (অব.) সিদ্দিকুর রহমান সরকারের সময়েও একইভাবে নিজের অবস্থান ধরে রাখেন তিনি। অভিযোগ রয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে রাজউকের অভ্যন্তরে দালাল ও জালিয়াত চক্রের একটি শক্তিশালী নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করতেন এই কর্মকর্তা।

পূর্বাচল প্রকল্পে প্লট জালিয়াতির অভিযোগ

তরিকুল ইসলামের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের অন্যতম কেন্দ্রবিন্দু রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্প। অভিযোগ রয়েছে, এই প্রকল্পের প্লট বরাদ্দ, মালিকানা পরিবর্তন ও হস্তান্তর প্রক্রিয়াকে কেন্দ্র করে সংঘবদ্ধ কারসাজির মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে একটি প্রভাবশালী সিন্ডিকেট, যার অন্যতম নিয়ন্ত্রক হিসেবে তরিকুল ইসলামের নাম উঠে এসেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, পূর্বাচল প্রকল্পের প্রকৃত বরাদ্দপ্রাপ্ত প্লট মালিকদের বিভিন্ন প্রশাসনিক জটিলতায় ফেলে একপ্রকার জিম্মি করা হতো। পরে নথিপত্রে জালিয়াতি ও নানা কৌশলের আশ্রয় নিয়ে প্রকৃত মালিকদের প্লট অন্যের কাছে বিক্রি কিংবা হস্তান্তরে বাধ্য করার অভিযোগ রয়েছে। প্রতিটি প্লট ৫ থেকে ১০ কোটি টাকা পর্যন্ত মূল্যে নতুন ক্রেতার কাছে হস্তান্তরের সুযোগ তৈরি করে মোটা অঙ্কের কমিশন ও ঘুষ আদায়ের অভিযোগও উঠেছে।

গোল্ডেন মনিরের প্লট সাম্রাজ্যের নেপথ্যে কারা?

রাজউকের আলোচিত প্লট জালিয়াতির ঘটনাগুলোতে বহিরাগত কয়েকজন ব্যক্তির নাম বারবার গণমাধ্যমে উঠে এলেও দপ্তরের অভ্যন্তরে থাকা কথিত সহযোগী ও নেপথ্যের কারিগরদের ভূমিকা নিয়ে বরাবরই প্রশ্ন রয়েছে। বিশেষ করে আলোচিত গোল্ডেন মনির কীভাবে রাজউকের দুই শতাধিক প্লটের মালিক হলেন, তা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা-সমালোচনা চলছে।

সংশ্লিষ্ট মহলের অভিযোগ, গোল্ডেন মনিরের মতো ব্যক্তিদের উত্থানের পেছনে রাজউকের অভ্যন্তরীণ কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীর ভূমিকা থাকতে পারে। তাঁদের মতে, তরিকুল ইসলামের দায়িত্ব পালনকালীন সময়ের নথিপত্র, প্লট বরাদ্দ, মালিকানা পরিবর্তন, ফাইল অনুমোদন এবং হস্তান্তরসংক্রান্ত কার্যক্রম নিরপেক্ষভাবে যাচাই করা হলে কথিত সিন্ডিকেটের সদস্যদের ভূমিকা ও সম্ভাব্য অনিয়মের চিত্র বেরিয়ে আসতে পারে।

উত্তরায় প্লট-ভবন, ঝিনাইদহে শত বিঘা জমির অভিযোগ

অভিযোগের পাশাপাশি তরিকুল ইসলামের সম্পদের উৎস নিয়েও দেখা দিয়েছে নানা প্রশ্ন। অনুসন্ধানসংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, রাজধানীর অভিজাত এলাকা উত্তরায় তাঁর একাধিক মূল্যবান প্লট ও বহুতল ভবন রয়েছে। শুধু রাজধানীতেই নয়, নিজ জেলা ঝিনাইদহের গ্রামের বাড়িতেও তিনি নির্মাণ করেছেন রাজকীয় বাড়ি। এ ছাড়া সেখানে নামে-বেনামে প্রায় শত বিঘা ফসলি ও বাণিজ্যিক জমির মালিকানা রয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, সরকারি চাকরির আয় ও ঘোষিত সম্পদের সঙ্গে এসব স্থাবর-অস্থাবর সম্পদের সামঞ্জস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। তাঁর নিজের, স্ত্রী-সন্তান ও পরিবারের সদস্যদের নামে থাকা জমি, ফ্ল্যাট, ভবন, ব্যাংক হিসাব, বিনিয়োগ এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের তথ্য যাচাই করা হলে সম্পদ অর্জনের প্রকৃত চিত্র পাওয়া যেতে পারে।

সরকারি কর্মকর্তা হয়েও রিয়েল এস্টেট ব্যবসার অভিযোগ

সরকারি চাকরিবিধি অনুযায়ী যথাযথ অনুমোদন ছাড়া কোনো সরকারি কর্মকর্তার সরাসরি ব্যবসায়িক কর্মকাণ্ডে যুক্ত থাকার সুযোগ নেই। অথচ তরিকুল ইসলামের বিরুদ্ধে রাজধানীতে নিজস্ব রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। রাজউকের মতো একটি গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্বশীল পদে থেকে আবাসন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ সত্য হলে তা গুরুতর স্বার্থের সংঘাত তৈরি করতে পারে।

বিশেষ করে যে প্রতিষ্ঠানে তিনি দায়িত্ব পালন করছেন, সেই প্রতিষ্ঠানের প্লট বরাদ্দ, অনুমোদন ও আবাসনসংক্রান্ত কার্যক্রমের সঙ্গে ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের দাবি রাখে।

রাজনৈতিক পটপরিবর্তনের পরও একই দপ্তরে বহাল!

দীর্ঘ দেড় দশক ধরে একই দপ্তরে কর্মরত থাকার বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব ও প্রভাবশালী কর্মকর্তাদের আশ্রয়ে তিনি দীর্ঘদিন প্রশাসনিক সুবিধা ভোগ করেছেন। রাজনৈতিক পটপরিবর্তনের পরও কীভাবে তিনি একই দপ্তরে বহাল রয়েছেন, তা নিয়ে রাজউকের কর্মকর্তা-কর্মচারীদের একাংশের মধ্যে ক্ষোভ ও প্রশ্ন তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

এখন প্রশ্ন উঠেছে, দীর্ঘ ১৫ বছর একই দপ্তরে কর্মরত থাকার পেছনে প্রশাসনিক কোনো বিশেষ সুবিধা ছিল কি না, তাঁর বিরুদ্ধে অতীতে কোনো অভিযোগ বা তদন্ত হয়েছিল কি না এবং পূর্বাচল প্রকল্পে দায়িত্ব পালনকালে তাঁর অনুমোদন বা সুপারিশে কী পরিমাণ আর্থিক লেনদেন হয়েছে।

দুদকের অনুসন্ধান দাবি, সম্পদের হিসাব ও নথি যাচাইয়ের আহ্বান

সচেতন মহলের মতে, সহকারী পরিচালক তরিকুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান করা প্রয়োজন। বিশেষ করে তাঁর স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব, আয়ের উৎস, ব্যাংক লেনদেন, পারিবারিক সম্পদ, ব্যবসায়িক সংশ্লিষ্টতা এবং পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট বরাদ্দ ও হস্তান্তরসংক্রান্ত নথিপত্র যাচাই করা জরুরি।

একই সঙ্গে গত ১৫ বছরে তাঁর কর্মস্থল, দায়িত্ব বণ্টন, বদলি-সংক্রান্ত নথি, ফাইল নিষ্পত্তি এবং যেসব প্লটের মালিকানা পরিবর্তন হয়েছে, সেসব নথি পরীক্ষা করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানিয়েছেন তাঁরা।

তরিকুলের বক্তব্য

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাজউকের সহকারী পরিচালক তরিকুল ইসলাম বলেন, “হ্যাঁ, উত্তরায় আমার একটি প্লট আছে। অন্যটি কোথায় আছে একটু খুঁজে বের করে দিলে সেটা আপনাদের দিয়ে দিব।

তাঁর এই বক্তব্যের পর সম্পদের মালিকানা, অবস্থান ও উৎস নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগের বিষয়ে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

এখন দেখার বিষয়, দীর্ঘ ১৫ বছরের কর্মকাল, পূর্বাচল প্রকল্পের প্লটসংক্রান্ত অভিযোগ এবং শতকোটি টাকার সম্পদের উৎস নিয়ে দুদক ও রাজউকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।