বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে ফার্মাসিস্ট প্রশিক্ষণে বিসিডিএসের সংশ্লিষ্টতা বাতিল, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা

অপূর্ব সরকার
নভেম্বর ১৮, ২০২৬ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

সারাদেশে ওষুধের দোকান বন্ধ রাখার হুঁশিয়ারি, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি ব্যবসায়ী নেতাদের। ফাইল ছবি

সি-গ্রেড ফার্মাসিস্ট প্রশিক্ষণ কার্যক্রমে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) সংশ্লিষ্টতা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধনসহ ধারাবাহিক আন্দোলনের ঘোষণা দিয়েছে সংগঠনটির পটুয়াখালী জেলা শাখা। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের এ সিদ্ধান্তকে ‘একতরফা’ ও অনভিপ্রেত উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ওষুধ ব্যবসায়ী নেতারা। দাবি মানা না হলে সারাদেশে ওষুধের দোকান বন্ধ রাখাসহ কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

বুধবার (১৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিসিডিএস পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. ইস্তিয়াক উদ্দিন আহমেদ রাহাত এবং সিনিয়র সহ-সভাপতি গাজী শহিদুল ইসলাম শাহীন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ ২২ বছর ধরে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ও বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) যৌথভাবে সি-গ্রেড ফার্মাসিস্ট প্রশিক্ষণ কোর্স পরিচালনা করে আসছে। দীর্ঘদিনের এ যৌথ কার্যক্রমে সম্প্রতি সমিতিকে কোনো ধরনের পূর্ব অবহিতকরণ ছাড়াই ফার্মেসি কাউন্সিলের সচিব স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে বিসিডিএসের সংশ্লিষ্টতা বাতিল করা হয়েছে।

সংগঠনটির নেতাদের অভিযোগ, আকস্মিক ও একতরফাভাবে নেওয়া এ সিদ্ধান্ত দেশের ওষুধ ব্যবসায়ী ও ফার্মাসিস্টদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। একই সঙ্গে প্রশিক্ষিত ফার্মাসিস্ট তৈরির ধারাবাহিকতা ব্যাহত হলে প্রান্তিক পর্যায়ের ফার্মেসিগুলোতে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও কঠিন হয়ে পড়বে। এর নেতিবাচক প্রভাব শেষ পর্যন্ত সাধারণ ওষুধসেবীদের ওপর পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

বিজ্ঞপ্তিতে পূর্বের মতো বিসিডিএসের মাধ্যমে সি-গ্রেড ফার্মাসিস্ট প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার সুযোগ বহাল রাখার জোর দাবি জানানো হয়েছে। নেতারা মনে করছেন, দীর্ঘ ২২ বছরের যৌথ অভিজ্ঞতা ও সাংগঠনিক সম্পৃক্ততা উপেক্ষা করে নেওয়া এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন।

এদিকে, দাবি আদায় না হলে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা অনুযায়ী মানববন্ধনসহ পর্যায়ক্রমে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছে পটুয়াখালী জেলা শাখা। প্রয়োজনে সারাদেশের ওষুধের দোকান বন্ধ রাখার মতো কর্মসূচিও বাস্তবায়ন করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ফার্মাসিস্ট প্রশিক্ষণ কার্যক্রমে বিসিডিএসের দীর্ঘদিনের সংশ্লিষ্টতা বাতিলের সিদ্ধান্ত ঘিরে ওষুধ ব্যবসায়ী মহলে নতুন করে অসন্তোষ তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, সংগঠনটির দাবি ও প্রতিবাদের মুখে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে কি না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।