ছবি: সমতল মাতৃভূমি
বর্ণিল আয়োজন, উৎসবমুখর পরিবেশ ও যথাযোগ্য মর্যাদায় দিনাজপুরের ফুলবাড়ীতে উদযাপিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস। দিবসটি উপলক্ষে পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত, বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রীতিভোজ, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (২১ নভেম্বর) দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা, ফুলবাড়ী উপজেলা শাখা।

সকাল সাড়ে ৮টায় সংগঠনের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও সশস্ত্র বাহিনীর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দিনের কর্মসূচির সূচনা হয়। পতাকা উত্তোলন শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সার্বিক সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এরপর সকাল ৯টায় সংগঠনের সদস্যদের অংশগ্রহণে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের অংশগ্রহণে দিবসের আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
দিবসটি ঘিরে দুপুরে সংগঠনের সদস্যদের পরিবারের সৌজন্যে ফুলবাড়ী লেক ভিউ পার্কে আয়োজন করা হয় প্রীতিভোজের। পরে বিকেলে সংগঠনের সদস্য ও তাঁদের পরিবারের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনের সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার (জেসিও) মো. মনজুরুল হক।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, সাধারণ সম্পাদক সার্জেন্ট মো. খাইবুর রহমান চৌধুরী, অর্থ সম্পাদক মো. এরশাদ হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস, মহান মুক্তিযুদ্ধে তাদের অসামান্য অবদান এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রসঙ্গত, ১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিত অভিযান শুরু করে। মুক্তিবাহিনী ও সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সশস্ত্র বাহিনীর এই যৌথ আক্রমণ মুক্তিযুদ্ধে বিজয়ের পথকে আরও সুগম করে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং যেকোনো সংকট ও দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর অবদান আজও জাতির কাছে গৌরব ও শ্রদ্ধার প্রতীক।
