ফটিকছড়িতে ৮–১০ নেতাকর্মী আহত, ভাঙচুর একাধিক মোটরসাইকেল; এলাকায় উত্তেজনা, মোতায়েন অতিরিক্ত পুলিশ। ছবি: সংগৃহীত
চট্টগ্রামের ফটিকছড়িতে যুবদলের সন্ত্রাসবিরোধী মিছিলে মাইকে ঘোষণা দিয়ে হামলার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় যুবদলের ৮ থেকে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইত নগর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিকেল ৪টার দিকে নানুপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে প্রায় ২০টি মোটরসাইকেল নিয়ে সন্ত্রাসবিরোধী মিছিল বের করা হয়। মিছিলটি বিনাজুরী আমতলী ও কিপাইত নগর লম্বা টিলা বাজার প্রদক্ষিণ করে শাহী মুহাম্মদ চৌধুরী মসজিদ এলাকায় পৌঁছালে সেখানে হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মিছিলটি ওই এলাকায় পৌঁছানোর পর মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের একদল কর্মী অতর্কিত হামলা চালায়। এতে যুবদলের ৮ থেকে ১০ জন নেতাকর্মী আহত হন। হামলার সময় তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং আরও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
আহতদের মধ্যে আজিজ, হোসেন মঞ্জু, আকিব, ইয়ামিনি ও বখতিয়ারের নাম জানা গেছে। ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এদিকে, হামলার খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। ঘটনার প্রতিবাদে বিএনপি ও যুবদলের শতাধিক নেতাকর্মী জড়ো হয়ে স্থানীয় যুবলীগ নেতা নুরুল করিমের বাড়ির সামনে বিক্ষোভ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হামলা, অগ্নিসংযোগ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে।
