রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও বউ-মেলার উদ্বোধন, ১০ দিনজুড়ে উৎসবের আমেজ

মো. তাজ উদ্দিন
নভেম্বর ২৮, ২০২৬ ১০:৩০ অপরাহ্ণ
Link Copied!

ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুরু পূজার্চনা, দূর-দূরান্ত থেকে ভক্ত-দর্শনার্থীদের সমাগম। ছবি: সংগৃহীত

দিনাজপুরের ফুলবাড়ীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ঐতিহ্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ১২৭তম রাঙ্গামাটি সার্বজনীন শ্রীশ্রী বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী ঐতিহ্যবাহী বউ-মেলা। পূজা ও মেলাকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে ভক্ত, দর্শনার্থী ও সাধারণ মানুষের সমাগমে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।

শনিবার (২৮ নভেম্বর) ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি সার্বজনীন শ্রীশ্রী বোল্লাকালী মন্দির প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে পূজা ও মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) এ এস এম শাহাদাত হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ কুমার গুপ্ত, মন্দির কমিটির সভাপতি বাবু শ্রী উজ্জ্বল রায়সহ কমিটির অন্যান্য সদস্যরা।

১০ দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে মন্দির প্রাঙ্গণে চলছে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পূজার্চনা। একই সঙ্গে বসেছে ঐতিহ্যবাহী বউ-মেলা। মেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্য, মনোহারি সামগ্রী, বাহারি খাবারসহ বিভিন্ন পণ্যের দোকান নিয়ে নানা এলাকার ব্যবসায়ীরা সাজিয়েছেন তাঁদের পসরা।

মেলায় বেচাকেনা ভালো হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। অন্যদিকে পরিবার-পরিজন নিয়ে মেলায় ঘুরে বেড়ানো, পছন্দের জিনিসপত্র কেনাকাটা এবং বাহারি খাবারের স্বাদ নিতে পেরে আনন্দিত দর্শনার্থীরাও।

ফুলবাড়ী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ কুমার গুপ্ত বলেন, ১২৭তম রাঙ্গামাটি সার্বজনীন বোল্লাকালী পূজা ও বউ-মেলা সফলভাবে সম্পন্ন করতে মন্দির কমিটি এবং পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, ১০ দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন এলাকার ভক্ত ও দর্শনার্থীদের ব্যাপক সমাগম ঘটবে।

ধর্মীয় ভাবগাম্ভীর্য, শত বছরের ঐতিহ্য এবং গ্রামীণ উৎসবের অনন্য মেলবন্ধনে রাঙ্গামাটির বোল্লাকালী পূজা ও বউ-মেলা এখন শুধু ধর্মীয় আয়োজনেই সীমাবদ্ধ নয়; বরং স্থানীয় মানুষের মিলনমেলা ও আনন্দ-উৎসবের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।