রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মৃত্যুর দুই বছর পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি দুই জনপ্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি
নভেম্বর ২৮, ২০২৬ ১১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

পুলিশের এজাহারে মৃত ব্যক্তিদের নাম, স্বজনদের ক্ষোভ ও বিস্ময়; ভুল স্বীকার করে আদালতকে চিঠি দেওয়ার কথা জানাল পুলিশ। ফাইল ফটো

গাজীপুরের শ্রীপুরে মৃত্যুর প্রায় দুই বছর পর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি করা হয়েছে দুই সাবেক জনপ্রতিনিধিকে। তাঁদের একজন মারা গেছেন ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর, অন্যজন একই বছরের ২ ডিসেম্বর। অথচ পুলিশের দায়ের করা মামলার ১১১ আসামির তালিকায় তাঁদের নাম রয়েছে যথাক্রমে ৯১ ও ১০৪ নম্বরে। এ ঘটনায় বিস্মিত, ক্ষুব্ধ ও বিব্রত মৃত দুই জনপ্রতিনিধির স্বজনেরা।

গত মঙ্গলবার শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন। এতে ১১১ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন শ্রীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আলী আজগর ও গাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ইদ্রিস আলী। তবে দুজনই মামলার প্রায় দুই বছর আগে মারা গেছেন।

আলী আজগর শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। তিনি পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের বাসিন্দা। ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের বাসিন্দা ইদ্রিস আলী ছিলেন ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। ২০২৪ সালের ২ ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৩ নভেম্বর তেলিহাটি ইউনিয়নের রঙিলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালনা করে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। এ ঘটনায় শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলকে প্রধান আসামি করে ১১১ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

কিন্তু মামলার আসামির তালিকায় মৃত দুই জনপ্রতিনিধির নাম অন্তর্ভুক্ত হওয়ায় তাঁদের পরিবারে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও হতাশা। একজন মানুষ মৃত্যুর পরও কীভাবে সন্ত্রাসী কার্যক্রমের মামলার আসামি হন, সেই প্রশ্ন তুলেছেন স্বজনেরা।

ইদ্রিস আলীর স্ত্রী মোরশেদা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এটা কোন ধরনের আইন? মৃত ব্যক্তিকে আসামি করা হয়েছে, এতে সমস্যা নেই। এবার কবর থেকে তুলে নিয়ে আমার স্বামীকে ফাঁসি দেওয়া হোক।

ইদ্রিস আলীর ভাই ও স্কুলশিক্ষক মোক্তার হোসেন বলেন, একজন মৃত ব্যক্তি কীভাবে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে পারেন? ভাইকে হারানোর শূন্যতা এমনিতেই অনেক কষ্টের। এখন নতুন করে আরেকটি কষ্ট পেলাম। একজন মানুষ মারা যাওয়ার পরও যদি এভাবে মামলার আসামি হন, তাহলে পরিবারের সদস্য হিসেবে বিষয়টি মেনে নেওয়া কঠিন।

এ বিষয়ে মামলার বাদী এসআই মোশাররফ হোসেন বলেন, তিনি ২৫ দিন আগে শ্রীপুর থানায় যোগ দিয়েছেন। মামলা করার আগে স্থানীয় লোকজনের সহযোগিতা নিয়েছিলেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতেই আসামিদের তালিকা তৈরি করা হয়েছিল। স্থানীয় লোকজন ভুলক্রমে ওই দুই ব্যক্তির নাম বলেছিলেন। তবে বিষয়টি জানার পরপরই লিখিতভাবে আদালতকে অবহিত করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, মামলায় আসামির সংখ্যা অনেক। কীভাবে মৃত ব্যক্তিদের নাম আসামির তালিকায় এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আইন অনুযায়ী মামলা থেকে তাঁদের নাম বাদ দেওয়া হবে।

গাজীপুর জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) শফিকুল ইসলাম বলেন, এটি একটি ভুল। স্থানীয়দের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে মৃত দুই ব্যক্তির নাম মামলার আসামির তালিকায় এসেছে।

মৃত্যুর প্রায় দুই বছর পর মামলার আসামির তালিকায় নাম ওঠার ঘটনায় পুলিশের তথ্য যাচাই ও মামলা দায়েরের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশের পক্ষ থেকে ভুল স্বীকার করে আদালতকে জানানোর কথা বলা হলেও এমন গুরুতর ভুল কীভাবে ঘটল, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।