পিডিএসে হোয়াটসঅ্যাপ সুবিধাযুক্ত মোবাইল নম্বর না থাকলে ৫ কর্মদিবসের মধ্যে আপডেটের নির্দেশ। ফাইল ফটো
দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের ব্যক্তিগত তথ্য বিবরণী বা পিডিএস (PDS)-এ হোয়াটসঅ্যাপ সুবিধাযুক্ত মোবাইল নম্বর নিশ্চিত করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাঠপর্যায়ের লাইভ মনিটরিং কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (৩০ আগস্ট) মাউশির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।
উপ-পরিচালক মো. ফিরোজুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ‘ডিজিটাল মনিটরিং সিস্টেম’ (ডিএমএস) অ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম ব্যবহার করে লাইভ মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে।
তবে মাউশির নজরে এসেছে, অধিকাংশ প্রধান শিক্ষকের পিডিএসে সংরক্ষিত মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ চালু নেই। ফলে মাঠপর্যায়ের লাইভ মনিটরিং কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এ অবস্থায় যেসব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পিডিএসে উল্লেখিত মোবাইল নম্বরটি হোয়াটসঅ্যাপ ব্যবহারের উপযোগী নয়, তাদের ওই নম্বর পরিবর্তন করে হোয়াটসঅ্যাপ সুবিধাযুক্ত মোবাইল নম্বর দিয়ে আগামী ৫ কর্মদিবসের মধ্যে আবশ্যিকভাবে পিডিএস আপডেট করতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে এ বিষয়টিকে ‘অত্যন্ত জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
মাউশির এই নির্দেশনার ফলে দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের পিডিএসে থাকা মোবাইল নম্বর দ্রুত যাচাই ও প্রয়োজনীয় সংশোধনের আওতায় আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
