ট্রান্সফরমারে আগুন, সাড়ে তিন ঘণ্টা বিদ্যুৎহীন ছিল কয়েকটি এলাকা। বিস্ফোরণে উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। ছবি: সংগৃহীত
রাজশাহীর পবা উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির একটি উপকেন্দ্রে দুর্বৃত্তদের হামলা, পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় উপকেন্দ্রের ভেতরে গান পাউডার ছিটিয়ে ছয়টি পেট্রোল বোমা নিক্ষেপের পাশাপাশি তিন রাউন্ড গুলি ছোড়ে হামলাকারীরা। এর মধ্যে দুটি বোমার বিস্ফোরণে একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এ ঘটনায় প্রায় সাড়ে তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ (খড়খড়ি) উপকেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে।
উপকেন্দ্রে কর্মরত ব্যক্তিরা জানান, রাত দুইটার দিকে ৮ থেকে ১০ জনের একটি দল অস্ত্রের মুখে কর্মীদের জিম্মি করে উপকেন্দ্রের ভেতরে প্রবেশ করে। এরপর তারা উপকেন্দ্রের বিভিন্ন স্থানে গান পাউডার ছিটিয়ে ছয়টি পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং তিন রাউন্ড গুলি ছোড়ে। হামলা শেষে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
নিক্ষেপ করা ছয়টি পেট্রোল বোমার মধ্যে দুটি বিস্ফোরিত হয়। বাকি চারটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। বিস্ফোরণের ফলে উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। পরে উপকেন্দ্রের লাইনম্যানরা অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার রমেন্দ্র চন্দ্র রায় বলেন, পবা-২ উপকেন্দ্রটি ৩৩/১১ কেভির। এ উপকেন্দ্র থেকে বিভিন্ন বাসাবাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। পেট্রোল বোমা নিক্ষেপের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। লাইনম্যানরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।
তিনি আরও জানান, হামলার পর নিরাপত্তাজনিত কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। পরে ভোর সাড়ে পাঁচটার দিকে সরবরাহ স্বাভাবিক করা হয়। ফলে প্রায় সাড়ে তিন ঘণ্টা বিদ্যুৎহীন থাকতে হয় সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের।
এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরজুন বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
