মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শাহজালালে বিনা মূল্যের বিশ্রামাগার ব্যবহারে টাকা, ভোগান্তিতে যাত্রী-স্বজনরা

স্টাফ রিপোর্টার
নভেম্বর ১৬, ২০২৬ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী যাত্রী ও তাদের স্বজনদের জন্য নির্মিত বিনা মূল্যের বিশ্রামাগারে টয়লেট ব্যবহার করতে জনপ্রতি ১০ টাকা দিতে হচ্ছে। এ ছাড়া বিশ্রামাগারের ফাস্ট ফুডের দোকানে খাবারের দামও স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি বলে অভিযোগ করেছেন যাত্রী ও তাদের স্বজনেরা। এতে দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষা করতে আসা সাধারণ মানুষ, বিশেষ করে দূরদূরান্ত থেকে আসা যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন।

কুয়েতের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বাসিন্দা আরমান হোসেন। প্রায় তিন বছর পর দুই মাসের ছুটিতে দেশে এসেছিলেন তিনি। গত বৃহস্পতিবার ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে সিরাজগঞ্জ থেকে ভোরে রওনা দিয়ে সকাল ১১টার দিকে বিমানবন্দরে পৌঁছান। তার ফ্লাইট ছাড়ার কথা সন্ধ্যা সাড়ে ৬টায়। তাকে বিদায় জানাতে সঙ্গে এসেছিলেন বাবা আমির হোসেনসহ তিন স্বজন।

বিমানবন্দরের বিশ্রামাগারে অপেক্ষার সময় কথা হয় আরমানের সঙ্গে। তিনি বলেন, যানজট এড়াতে ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই বিমানবন্দরে এসেছেন। এ কারণে স্বজনদের নিয়ে বিশ্রামাগারে অপেক্ষা করছেন। কিন্তু সেখানে টয়লেট ব্যবহারের জন্য জনপ্রতি ১০ টাকা দিতে হচ্ছে। বিশ্রামাগারের ফাস্ট ফুডের দোকানে খাবারের দামও তিন গুণ বেশি বলে অভিযোগ করেন তিনি। বাধ্য হয়ে যাত্রী ও স্বজনেরা এসব খাবার কিনছেন।

সরেজমিন ঘুরে এবং যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুধু আরমান নন, কর্মস্থলে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে আসা অনেক প্রবাসী যাত্রী ও তাদের স্বজনকে একই ভোগান্তিতে পড়তে হচ্ছে। তাদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময়ে নির্মিত এ বিশ্রামাগার শুরুতে বিনা মূল্যে ব্যবহার করা যেত। তখন পরিবেশও তুলনামূলক ভালো ছিল। কিন্তু এখন টয়লেট ব্যবহারের জন্যও টাকা দিতে হচ্ছে।

দেশের বিভিন্ন জেলা ও প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে প্রতিদিন অসংখ্য মানুষ স্বজনদের বিদেশযাত্রা কিংবা বিদেশ থেকে দেশে ফেরার অপেক্ষায় বিমানবন্দরে আসেন। তাদের অনেকেরই ঢাকায় থাকার ব্যবস্থা নেই। দূরদূরান্ত থেকে আসা এসব মানুষকে দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষা করতে হয়। তাদের দুর্ভোগ কমাতে অন্তর্বর্তী সরকারের সময়ে বিমানবন্দরে বিনা মূল্যে বিশ্রামাগার নির্মাণ করা হয়। উদ্দেশ্য ছিল, যাত্রী ও স্বজনেরা যেন নিরাপদে বিশ্রাম নিতে পারেন এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পান।

কিন্তু বিশ্রামাগারের টয়লেট ইজারা দেওয়ার পর সেই সুবিধা নিয়ে প্রশ্ন উঠেছে। যাদের জন্য বিশ্রামাগারটি তৈরি, তাদেরই এখন টয়লেট ব্যবহারের জন্য টাকা দিতে হচ্ছে। এতে বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা বেশি বিড়ম্বনায় পড়ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

একাধিক যাত্রী ও স্বজনদের ভাষ্য, বিমানবন্দরে আসা অনেক মানুষকে যাতায়াত ও খাবারের পেছনে বাড়তি অর্থ ব্যয় করতে হয়। দীর্ঘ অপেক্ষার সময় অন্তত শৌচাগার ব্যবহারের মতো মৌলিক সুবিধা বিনা মূল্যে পাওয়ার প্রত্যাশা তাদের।

সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান নিশ্চিত করতে পরিচ্ছন্ন ও সহজলভ্য শৌচাগারের ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসা যাত্রীদের জন্য এ ধরনের মৌলিক সুবিধা নিশ্চিত করা কর্তৃপক্ষের দায়িত্ব। ভুক্তভোগী যাত্রী ও স্বজনদের দাবি, বিশ্রামাগারের টয়লেট ব্যবহারে অর্থ আদায়ের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। অন্তত যাত্রী ও তাদের স্বজনদের জন্য নির্ধারিত বিশ্রামাগারে বিনা মূল্যে টয়লেট ব্যবহারের ব্যবস্থা নিশ্চিত করা হোক।

এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সংশ্লিষ্ট শাখার পরিচালক ইসরাত সাদমিনের বক্তব্য জানতে মোবাইল একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সভায় ব্যস্ততার কথা জানিয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ সমকালকে বলেন, জনবল সংকটের কারণে বিমানবন্দরের বিশ্রামাগারের ওয়াশরুম (টয়লেট) ইজারা দিয়েছে কর্তৃপক্ষ। বিমানবন্দরের বহুতল কার পার্কিং ভবনের দ্বিতীয় তলায় প্রবাসী যাত্রী ও তাদের স্বজনদের জন্য এ বিশ্রামাগার নির্মাণ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে এটি তৈরি করা হয়।

তবে বিমানবন্দরে কর্মরত প্রবাসী কল্যাণ ডেস্কের এক কর্মচারীসহ কয়েকজনের প্রশ্ন, জনবল সংকটের অজুহাতে বিশ্রামাগারের টয়লেট ইজারা দিয়ে বেসরকারি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়া কতটা যুক্তিসংগত ও নিরাপদ? তাদের প্রশ্ন, বিমানবন্দর টার্মিনালের ভেতরে থাকা একাধিক টয়লেট পরিচালনায় যদি জনবল সংকট না থাকে, তাহলে বিশ্রামাগারের টয়লেট পরিচালনায় সেই সংকট কেন?

বিমানবন্দরের অপর এক কর্মকর্তা জানান, সম্প্রতি ‘কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপার্স’ নামে একটি প্রতিষ্ঠানকে বিশ্রামাগারের টয়লেট ইজারা দিয়েছে বেবিচক। ইজারাদার প্রতিষ্ঠানের এক কর্মী জানান, টয়লেট ব্যবহারের জন্য জনপ্রতি ১০ টাকা নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।