চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলিবর্ষণ, ফোনে কাফনের কাপড় কিনে রাখার হুঁশিয়ারি। ভবনের দ্বিতীয় তলার একটি জানালা লক্ষ্য করে গুলি। ছবি: সংগৃহীত
চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ভূমি ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শুধু গুলি ছুড়েই ক্ষান্ত হয়নি তারা, ঘটনার পর ফোন করে ওই ব্যবসায়ীকে সরাসরি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। ফোনে হুমকি দিয়ে বলা হয়, ‘আজ বিল্ডিংয়ে গুলি করেছি, কাল তোর শরীরে করব। কাফনের কাপড় কিনে রাখিস।’ এ ঘটনায় ব্যবসায়ী ও তাঁর পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকায় এ ঘটনা ঘটে।
ভবনটির মালিক ও ভূমি ব্যবসায়ী মো. জাফরের অভিযোগ, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী হিসেবে পরিচিত রায়হান প্রায় ১০ মাস আগে তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। দীর্ঘ বিরতির পর সম্প্রতি আবারও একই অঙ্কের টাকা দাবি করে ফোন করা হয়। চাঁদা না দেওয়ায় পরিকল্পিতভাবে তাঁর বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ে ভয়ভীতি দেখানো হয়েছে বলে অভিযোগ তাঁর।
জাফর জানান, প্রায় ১০ মাস আগে চাঁদা দাবির সময় তিনি স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছিলেন। দেশে ফেরার পর রায়হান আর তাঁর সঙ্গে যোগাযোগ করেননি। তবে গত বুধবার আবার ফোন করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
এরপর রোববার রাতে দুটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত তাঁর বাড়ির সামনে আসে। একপর্যায়ে ভবনের দ্বিতীয় তলার একটি জানালা লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। ওই কক্ষে তখন কেউ অবস্থান করছিলেন না। গুলি ছোড়ার পরপরই জাফরকে ফোন করে ভয়াবহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নগরের বিভিন্ন এলাকায় বড় সাজ্জাদের নাম ব্যবহার করে ব্যবসায়ী ও ভবনমালিকদের কাছে চাঁদা দাবি করে আসছিলেন রায়হান ও ডেভিড ইমন। ডেভিড ইমন গ্রেপ্তার হওয়ার পর রায়হান চাঁদাবাজির নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে ভিন্ন দাবি করেছেন রায়হান।
ফেসবুকে দেওয়া এক পোস্টে রায়হান দাবি করেন, তাঁর নাম ব্যবহার করে অন্যরা এসব অপকর্ম করছে। অর্থাৎ, তাঁর নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ তুলে তিনি নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন।
