শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার’,শেখ হাসিনাকে নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের বক্তব্য

নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৬, ২০২৬ ১১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ভারতের সহযোগিতায় প্রত্যর্পণ প্রত্যাশা; দ্বিপক্ষীয় সম্পর্কের পথে এ ইস্যুকে বাধা হিসেবে না দেখার আহ্বান।পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলেই আইন অনুযায়ী তাৎক্ষণিক গ্রেপ্তার করা হবে। তবে তাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা প্রয়োজন হবে।

বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

শামা ওবায়েদ ইসলাম জানান, ভারতে অবস্থানরত শেখ হাসিনা এবং বাংলাদেশে দণ্ডপ্রাপ্ত বা বিচারাধীন অন্যান্য আসামিদের প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকার একাধিকবার ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে।

তিনি বলেন, আমরা আশা করি, কূটনৈতিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে তাদের বাংলাদেশে পাঠানোর বিষয়ে ভারত ইতিবাচক সহযোগিতা করবে।

ভ্রমণ নথি নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে পাসপোর্ট বা ভিসাসহ ভ্রমণ-সংক্রান্ত নথিপত্র প্রয়োজন হবে কি না— এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, পাসপোর্ট ও ভিসা-সংক্রান্ত বিষয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত।

তিনি বলেন, কী ধরনের ভ্রমণ নথি প্রয়োজন হবে, সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই বিস্তারিত জানাতে পারবে। তবে আমার সাধারণ ধারণা, এ ক্ষেত্রে অবশ্যই ভারত সরকারের সহযোগিতা প্রয়োজন হবে।

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বার্তা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার বিষয়টিকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের অন্তরায় হিসেবে দেখা উচিত নয়।

তার ভাষায়, দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্বিপক্ষীয় যোগাযোগ ও সংলাপ অব্যাহত থাকবে। আমাদের উপদেষ্টা বিমসটেকের একটি বৈঠকে যোগ দিতে সফরে রয়েছেন। এ ধরনের কূটনৈতিক প্রক্রিয়া চলমান থাকবে। তবে শেখ হাসিনার বিষয়টি বাংলাদেশের জনগণ, গণতন্ত্র এবং দেশের ইতিহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।