‘হট স্টোন স্পা’ ও ‘ওয়ান সেলুনে’ পুলিশের অভিযান; গ্রেপ্তার ২৯ নারী ও ২৪ পুরুষ। গ্রেফতার কৃতরা : ফাইল ছবি
রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টার ও সেলুনের আড়ালে কথিত অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ২৯ নারীসহ ৫৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) রাতে গুলশান থানা পুলিশের নেতৃত্বে ‘হট স্টোন স্পা’ ও ‘ওয়ান সেলুন’ নামের দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গুলশান থানা পুলিশ জানায়, স্পা ও সেলুনের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, মাদক, দেহ ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনার গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন বয়সী মোট ৫৩ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ২৯ জন নারী ও ২৪ জন পুরুষ রয়েছেন।
পুলিশের ভাষ্য, অভিযানের পর গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করা হয়েছে। মামলার পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, গুলশান এলাকায় স্পা সেন্টার বা সেলুনের আড়ালে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হবে না। অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
অভিজাত গুলশানের স্পা ব্যবসার আড়ালে কী ঘটছে—পুলিশের এই অভিযানের পর সেই প্রশ্নই এখন সামনে এসেছে।
